

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৯ দশমিক ৮১ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার দুর্বল হওয়ার ইঙ্গিত মিললে ডলারের ওপর চাপ বাড়তে পারে। এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং তেহরানের জন্য এটি ‘শেষ সুযোগ’। তবে ইরান এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনাও বিবেচনায় নিচ্ছেন বিনিয়োগকারীরা।
নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মূল্যস্ফীতি কমবে বলে তিনি আশাবাদী। তবে প্রয়োজন হলে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত থেকে ফেড সরে আসবে না।
অন্যদিকে, বিনিয়োগ ব্যাংক সিটি পূর্বাভাস দিয়েছে, স্বল্পমেয়াদে স্বর্ণের দাম স্থিতিশীল থাকতে পারে বা কিছুটা কমতে পারে। তবে চলতি বছরের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার এবং আগামী বছরের প্রথমার্ধে ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৭৪ ডলার, প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪৬ দশমিক ৫৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ২৭৯ দশমিক ৫৫ ডলারে উঠেছে।