সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলার দাবি যুক্তরাষ্ট্র-ইরানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১১:৫৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র আবারও ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ইরানের গোড়ুক শহর এবং কেশম দ্বীপে অবস্থিত রাডার ও ড্রোন স্থাপনাগুলোতে এ হামলা চালানো হয়েছে।তেহরানের ‌‘আগ্রাসী’ কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি মার্কিন প্রশাসনের।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, আন্তর্জাতিক আকাশসীমায় নিয়োজিত একটি মার্কিন এমকিউ-১ ড্রোন গুলি করে ভূপাতিত করেছিল ইরান। এর জবাবে মার্কিন যুদ্ধবিমানগুলো তাৎক্ষণিক পাল্টা অ্যাকশনে যায় এবং ইরানি বিমান প্রতিরক্ষাব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও দুটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস করে। এই অভিযানে কোনো মার্কিন সামরিক কর্মী হতাহত হননি বলেও নিশ্চিত করেছে সেন্টকম।

এদিকে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সফল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ‘আইআরজিসি’।

সোমবার (১ জুন) ভোরে এই হামলা চালানো হয় বলে বাহিনীর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করে তারা। আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এর আগে ইরানের দক্ষিণ হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে অবস্থিত তাদের একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ার মার্কিন বিমান হামলার শিকার হয়েছিল।

মার্কিন বাহিনী ঠিক যে ঘাঁটিটি থেকে ইরানের ভূখণ্ডে ওই হামলা চালিয়েছিল, পাল্টা প্রতিরোধ হিসেবে ঠিক সেই ঘাঁটিতেই এই হামলা চালানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স মার্কিন ঘাঁটিটিকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করে গুঁড়িয়ে দিয়েছে এবং পূর্বনির্ধারিত সব টার্গেটে সফলভাবে আঘাত হানা হয়েছে।

আইআরজিসি মার্কিন প্রশাসনকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছে, ভবিষ্যতে ইরানের ওপর এ ধরনের কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব ‘মাত্রা ও প্রকৃতির দিক থেকে সম্পূর্ণ ভিন্ন’ হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন