বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

২০৩৪ সালের মধ্যে ১ কোটি কর্মসংস্থান করবে সরকার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০২:৪৫ এএম
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
expand
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য সরকারের রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণদের মূলধারায় আনতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন, নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং রিস্কিলিং ও আপস্কিলিংয়ের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বৃদ্ধি এবং জনমিতিক লভ্যাংশের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি জানান, শিল্প ও উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে সরকার ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে নতুন উন্নয়ন মডেল নিয়ে কাজ করছে। বিনিয়োগবান্ধব পরিবেশ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার।

বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, স্বল্প ব্যয়ে দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইউরোপসহ নতুন শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে। অবৈধ অভিবাসন রোধে সরকার কঠোর অবস্থান নেবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভাপতির বক্তব্যে এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী জানান, বর্তমানে এনএসডিএর নিবন্ধিত ৭৮৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় দক্ষতা সনদ অর্জনকারীদের ৭৪ শতাংশ কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানে যুক্ত হয়েছেন। এছাড়া ৮ দশমিক ৩ শতাংশ সনদধারী ৭২টি দেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদেশি ভাষা ও প্রযুক্তিনির্ভর কারিকুলাম উন্নয়নের পাশাপাশি সনদধারীদের জন্য ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনের বিকল্প নেই। দক্ষ, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক কর্মশক্তি গড়ে তুলতে সরকারি-বেসরকারি খাত, শিল্পপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন