সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

বাসস
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আফ্রিকার আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ০৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেবেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তিরক্ষা কার্যক্রমে জীবন উৎসর্গ করা সদস্যদের স্মরণে প্রতি বছর এই পদক প্রদান করা হয়।

এবার যাঁরা মরণোত্তর এই সম্মাননা পাচ্ছেন, তাঁরা হলেন, মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা এবং সান্ত মণ্ডল।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে (ইউএনআইএসএফএ) দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় তাঁদের মৃত্যু হয়।

জাতিসংঘ জানিয়েছে, ১৯৪৮ সাল থেকে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার সদস্য প্রাণ হারিয়েছেন। তাঁদের স্মরণে এবার অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করবেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই অনুষ্ঠানে গত এক বছরে নিহত আরও ৫৯ জনসহ মোট ৬৮ জন শান্তিরক্ষীকে এই পদক দেওয়া হবে।

বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জনবল প্রেরণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। আবেই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, লিবিয়া, দক্ষিণ সুদান ও পশ্চিম সাহারাসহ বিভিন্ন মিশনে ২৭৭ জন নারীসহ ৪ হাজারের বেশি বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১১৮টি দেশ থেকে প্রায় ৫০ হাজারের বেশি সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্য ১১টি শান্তিরক্ষা মিশনে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও জটিল পরিবেশে দায়িত্ব পালন করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন