মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাবা শরিফ যে কারণে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

‘লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফার ময়দানে লাখো হাজির উপস্থিতিতে হজের মূল খুতবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা পাঠ শুরু করেন মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

মক্কার মসজিদে নামিরা থেকে প্রদত্ত এই খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহকে পারস্পরিক ঐক্য, সংহতি এবং ভ্রাতৃত্ব বজায় রাখার উদাত্ত আহ্বান জানান তিনি। হজ আদায়ের জন্য চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ লাখের বেশি মুসলিম মক্কায় সমবেত হয়েছেন। জীবনে সামর্থ্যবান ব্যক্তিদের জীবনে অন্তত একবার হজ আদায় করা ফরজ। অধিকাংশ মুসলিমের জীবনে এক পরম চাওয়া।

সব মিলিয়ে হজের আনুষ্ঠানিকতা পাঁচ দিনে শেষ হয়। হজের অংশ হিসেবে হাজিরা পবিত্র কাবা শরিফ জিয়ারত করেন এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে তা সাতবার প্রদক্ষিণ করেন, যা তওয়াফ নামে পরিচিত।

কাবা শরিফ কিসওয়া নামক একটি কালো কাপড়ে ঢাকা থাকে, যার ওপর সোনার সুতা দিয়ে পবিত্র কোরআনের আয়াত লেখা থাকে।আরবিতে কাবা শব্দের অর্থ ঘনক বা চতুষ্কোণ ঘর। এটি ইসলামের পবিত্রতম স্থান এবং মক্কার মসজিদুল হারামের মাঝখানে অবস্থিত।

সারা বিশ্বের মুসলিমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় কাবার দিকে মুখ করে দাঁড়ান, যা কিবলা নামে পরিচিত। বিশ্বের যেকোনো প্রান্তেই হোক না কেন, নামাজের মাধ্যমে কোটি কোটি মানুষ এক কাতারে শামিল হন।

কাবা শরিফের উচ্চতা ১৩ দশমিক ১ মিটার (৪৩ ফুট), দৈর্ঘ্য ১২ দশমিক ৮ মিটার (৪২ ফুট) এবং প্রস্থ ১১ দশমিক শূন্য ৩ মিটার (৩৬ ফুট)।

কাবা মূলত আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম (আ.) এবং তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.) ইবাদতগৃহ হিসেবে নির্মাণ করেছিলেন। পবিত্র কোরআন শরিফে একাধিকবার কাবার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ইব্রাহিম (আ.) ও ইসমাইলের (আ.) কাবার ভিত্তি স্থাপনের মুহূর্তটির কথাও কোরআন শরিফে উল্লেখ রয়েছে।

ইসলামের আবির্ভাবের আগে কাবা ছিল আরবের বিভিন্ন গোত্রের উপাসনার স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরত করার আট বছর পর ৬৩০ খ্রিষ্টাব্দের দিকে মক্কায় ফিরে আসার পর এই পরিস্থিতির পরিবর্তন ঘটে।

মুহাম্মদ (সা.) কাবার ভেতর থেকে সব মূর্তি অপসারণ করেন এবং একে এক আল্লাহর ইবাদতের স্থানে পরিণত করেন। মক্কায় প্রতিবছর হজ ও ওমরাহ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২ কোটির বেশি মানুষ আসেন।

কাবার ভেতরের অংশ আনুষ্ঠানিকভাবে ধোয়ার জন্য সাধারণত বছরে দুবার দরজা খোলা হয়। কাবার ভেতরের অংশটি অত্যন্ত সাধারণ— ছাদকে ধরে রাখার জন্য তিনটি কাঠের স্তম্ভ এবং ছাদে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে। এর মেঝে ও দেয়াল মার্বেল পাথর দিয়ে মোড়ানো এবং সিলিং বা ছাদ থেকে লণ্ঠন ঝোলানো।

কাবার ভেতরের দেয়ালের কিছু অংশ কাপড়ে ঢাকা থাকে। ঐতিহাসিকভাবে এই কাপড়গুলো লাল, সবুজ ও গাঢ় নীল রঙের এবং আঁকাবাঁকা নকশার হয়ে থাকে।

কিসওয়া হলো কালো রেশমি কাপড়, যা কাবা শরিফকে ঢেকে রাখে। কিসওয়া আরবি শব্দ। এর শব্দমূল হলো কাফ, সিন এবং ওয়াও। কিসওয়া শব্দের অর্থ ঢাকা বা আবৃত করা। মূলত, যেকোনো ধরনের পোশাক বা আবরণ বোঝাতে শব্দটি ব্যবহার করা হতো। কালক্রমে শব্দটি বিশেষভাবে কাবার আবরণের সঙ্গে জড়িয়ে যায়।

দক্ষিণ এশিয়া অঞ্চলে কিসওয়া গিলাফ নামে পরিচিত। ফার্সি গিলাফ শব্দের অর্থও কিসওয়ার অনুরূপ: ঢাকনা, আবরণ বা পর্দা।

হজের সময় কিসওয়ার নিচের অংশটি সযত্নে ওপরে তুলে রাখা হয়। মূলত বিপুলসংখ্যক হাজি কাবার কাছাকাছি যেতে এবং বরকত লাভের আশায় এটি স্পর্শ করার চেষ্টা করেন। তাই, কাপড়টি সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়।

কিসওয়ার প্রধান অংশ হলো কালো রেশমি কাপড়, ঐতিহাসিকভাবে কেবল এই অংশটিকে কিসওয়া বলা হতো। এর উচ্চতা ১৪ মিটার (৪৫ ফুট)। এটি ৪৭টি আলাদা কাপড়ের টুকরা দিয়ে তৈরি।

কাবা শরিফের দেয়ালের প্রায় দুই-তৃতীয়াংশ উচ্চতায় কারুকার্যখচিত একটি বেল্ট বা পট্টি রয়েছে, যা হিজাম নামে পরিচিত। এটি প্রস্থে ৯৫ সেন্টিমিটার (৩৭ ইঞ্চি) এবং দৈর্ঘ্যে ৪৭ মিটার (১৫৪ ফুট)।

কাবার দরজার ওপর একটি পর্দা ঝোলানো থাকে, যা সিতারা বা বোরকা নামে পরিচিত। এটি কিসওয়ার সবচেয়ে সুসজ্জিত অংশ।

প্রচলিত বিশ্বাস মতে, কাবা শরিফকে সুরক্ষিত, সম্মানিত ও সৌন্দর্যমণ্ডিত রাখার উদ্দেশ্যে ঢেকে রাখা হয়। কাবার গায়ে সর্বপ্রথম কে কিসওয়া জড়িয়েছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে, ইসলাম-পূর্ব যুগে এই ঐতিহ্যের সূত্রপাত। অনেকে মনে করেন, ইয়েমেনের রাজা তুব্বা আস’আদ কামিল ৪০০ খ্রিষ্টাব্দে ইয়েমেনের বিশেষ কাপড় দিয়ে সর্বপ্রথম কাবা ঢেকে দিয়েছিলেন।

অন্য এক মতানুসারে, হজরত ইসমাইল (আ.) নিজেই প্রথম কাবা ঢেকেছিলেন। তবে এর পক্ষে কোনো চূড়ান্ত প্রমাণ নেই। উসমানী আমলে বসনিয়া ও হার্জেগোভিনায় প্রতিষ্ঠিত গাজী হুসরেভ-বেগ মাদ্রাসার কোরআনবিষয়ক অধ্যাপক এবং ‘এ গাইড থ্রু মক্কা আল-মুকাররমা’ বইয়ের লেখক মেনসুদ দুলোভিচ আল–জাজিরাকে বলেন, ‘তিনি যদি কোনো আবরণ দিয়েও থাকেন, তবে তা সম্ভবত পুরো কাঠামোর পরিবর্তে কাবার একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ ছিল।’

বর্তমানে কিসওয়া প্রাকৃতিক রেশম দিয়ে তৈরি করা হয়। তবে ইতিহাসজুড়ে কাবা ঢাকতে বিভিন্ন ধরনের উপাদান ব্যবহৃত হয়েছে। প্রথম দিকের কিসওয়াগুলো সাধারণত লিনেন, তুলা ও পশমের মতো প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি করা হতো।

কিছু ঐতিহাসিক সূত্রে ইসলাম-পূর্ব যুগে কিসওয়া হিসেবে চামড়ার ব্যবহারের কথাও উল্লেখ আছে।

উপাদান বাছাই ও কিসওয়া কোথায় তৈরি হবে, তা সেই ইতিহাসের বিভিন্ন সময়ের সহজলভ্য তন্তু ও মুসলিম শাসকদের প্রভাব ও পছন্দের ওপর নির্ভর করত। ওয়াশিংটন ডিসির জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির টেক্সটাইল মিউজিয়ামের গবেষণা সহযোগী ক্যারল বিয়ার আল–জাজিরাকে বলেন, ‘এটি বহুলাংশে খেলাফতের ওপর নির্ভর করত।’

বিষয়টি ব্যাখ্য করে বিয়ার বলেন, ইসলামের প্রাথমিক যুগে আরব অঞ্চল খেলাফতের কেন্দ্রবিন্দু থাকলেও কিসওয়া তৈরি হতো মিসরে। সেই সময় মিসরের দামিয়েত্তা ও অন্যান্য স্থানে রাজকীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘তিরাজ’ কারখানায় উন্নত টেক্সটাইল শিল্প গড়ে উঠেছিল। সেখানেই কিসওয়া বোনা ও প্রস্তুত করা হতো।

তৈরি শেষে জিলহজ মাসের শুরুতে একটি আনুষ্ঠানিক কাফেলার মাধ্যমে কিসওয়া কাবার উদ্দেশ্যে পাঠানো হতো।

বিয়ার ভাষ্যমতে, ‘কাবাকে আবৃত করা ছিল অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার একটি কাজ। কারণ, কাবাই হলো হজের মূল কেন্দ্র এবং একে ঘিরেই তওয়াফ সম্পন্ন হয়।’

পরবর্তী সময়ে উমাইয়া খেলাফতের আমলে দামেস্কে, আব্বাসীয় আমলে বাগদাদে এবং ইয়েমেনেও কিসওয়া তৈরি করা হয়েছে। এরপর আইয়ুবীয়, মামলুক এবং উসমানীয় সাম্রাজ্যের অবসানের পর কিসওয়া তৈরির দায়িত্ব আসে সৌদি আরবের আল-সৌদ পরিবারের কাছে।

বর্তমানে কিসওয়া তৈরিতে প্রায় ৬৭০ কেজি প্রাকৃতিক রেশম ব্যবহৃত হয়। এর ওপর প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট সোনার সুতা এবং ১০০ থেকে ১২০ কেজি রুপার সুতা দিয়ে কারুকাজ করা হয়।

মক্কার কিসওয়া কারখানায় ২৪০ জনের বেশি কর্মী আধুনিক প্রযুক্তি, ঐতিহ্যবাহী তাঁত এবং আরবি ক্যালিগ্রাফি পদ্ধতির সমন্বয়ে এই গিলাফ তৈরি করেন।

লেখক মেনসুদ দুলোভিচ বলেন, কিসওয়া তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত সতর্ক কয়েকটি ধাপের মধ্য দিয়ে শেষ হয়। তিনি বলেন, ‘বর্তমানে ইতালি থেকে আমদানি করা রেশম প্রথমে বিশেষ ডিটারজেন্ট ও অলিভ অয়েল সাবান মিশ্রিত ঠান্ডা পানি দিয়ে ধোয়া হয়, যাতে সুতা থেকে প্রাকৃতিক মোম দূর করা যায়।’

এরপর রেশমটিকে প্রায় ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে কয়েকবার ধুয়ে এর প্রাকৃতিক রং ফিরিয়ে আনা হয়। সবশেষে কালো রঙে রঞ্জিত করা হয়।

কিসওয়ার আগের সংস্করণগুলো তুলনামূলক কম জমকালো ছিল বলে ধারণা করা হয়। তবে বর্তমানে একটি কিসওয়া তৈরির আনুমানিক খরচ আড়াই কোটি সৌদি রিয়াল (৮১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার টাকা) ছাড়িয়ে যায়।

কিসওয়ার গায়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও দোয়া খচিত থাকে। এর মধ্যে রয়েছে ইসলামের মূল ঘোষণা কালিমা শাহাদাত, হজের বিধান–সম্পর্কিত কোরআনের আয়াত, কাবার পবিত্রতা এবং আল্লাহর মহিমা ও জিকিরসংবলিত বিভিন্ন বাক্য।

ইতিহাসের বাঁকে বাঁকে কিসওয়ার রঙের পরিবর্তন দেখা গেছে। বিভিন্ন সময়ে সাদা, সবুজ, হলুদ ও কালো রঙের কাপড় ব্যবহৃত হয়েছে।

ক্যারল বিয়ার বিষয়টি ব্যাখ্যা করে বলেন, সিরিয়ায় তৈরি কিসওয়াগুলো লাল, সবুজ, হলুদ ও সাদা রঙের হতো। ইসলামি শিল্পকলায় এসব রঙের দীর্ঘ ইতিহাস রয়েছে।

এই বিশেষজ্ঞ বলেন, ইসলামি বা মুসলিমপ্রধান দেশগুলোর রঙের দিকে একবার তাকান। দেখবেন সেখানে লাল, হলুদ, সবুজ ও সাদা রঙের প্রাধান্য রয়েছে।

ক্যারল বিয়ার আরও জানান, আব্বাসীয় আমলে কিসওয়ার জন্য কালো রংকে একটি বিশেষ পরিচয় হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তবে ইসলাম-পূর্ব যুগে ইয়েমেনে তৈরি কিসওয়াগুলো সম্ভবত ডোরাকাটা কাপড়ের ছিল। কারণ, দেশটির কাপড় সাধারণত ডোরাকাটা হতো।

বিয়ারের কথায়, ‘সেই প্রাথমিক কিসওয়াগুলো সম্ভবত লাল ও সবুজ রঙের ডোরাকাটা ছিল এবং সেগুলো ছিল পশমের তৈরি।’

কিসওয়া বছরে একবার পরিবর্তন করা হয়। একদল বিশেষজ্ঞ কর্মী কাবার পুরোনো গিলাফ সরিয়ে নতুনটি পরানোর দায়িত্ব পালন করেন।পুরোনো কিসওয়াটি খুলে ফেলার পর তা যে কারখানায় তৈরি হয়েছিল, সেখানে ফেরত পাঠানো হয়।

বসনিয়া ও হার্জেগোভিনার জেনিকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি শিক্ষার অধ্যাপক এস্মির হালিলোভিচ আল–জাজিরাকে বলেন, সেখানে কিসওয়াটি ‘সংরক্ষণ ও বিতরণের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যা কয়েকটি ধাপে সম্পন্ন হয়।’

মিসরের রাজধানী কায়রোতে উনিশ শতকের মাঝামাঝি সময়ে সুলতান আবদুল মজিদের জন্য তৈরি রুপার সুতা ও রেশমে সূচিকর্ম করা কাবার দরজার পর্দা (সিতারা)। বর্তমানে এটি কাতারের দোহায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক আর্টে প্রদর্শিত হচ্ছেছবি: আল–জাজিরা থেকে স্ক্রিনশট

হালিলোভিচ আরও জানান, কিসওয়ার সবচেয়ে মূল্যবান অংশগুলো—যেমন সোনা বা রুপার সুতার কারুকাজ, কোরআনের আয়াত বা নকশা করা প্যানেলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে কেটে সংরক্ষণ করা হয়। এসব অংশ প্রায় সময় বিভিন্ন জাদুঘরে দান করা হয় অথবা সৌদি কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়। বাকি অংশগুলো ছোট ছোট টুকরা করে কেটে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংস্থা এবং সৌদি আরবে নিযুক্ত বিদেশি দূতাবাসগুলোর প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়।

এ ছাড়া গিলাফ পরিবর্তনের অনুষ্ঠানের সময় উপস্থিত ব্যক্তিদের মাঝেমধ্যে কিসওয়ার ছোট ছোট টুকরা উপহার হিসেবে দেওয়া হয়। এমন সব অংশ তাঁদের দেওয়া হয়, যার বস্তুগত মূল্য খুব বেশি নয়।

হালিলোভিচ বলেন, এই বিতরণ প্রক্রিয়ার কারণে কিসওয়ার কিছু অংশ শেষ পর্যন্ত খোলা বাজারে চলে আসে। মাঝেমধ্যে অনলাইনেও বিক্রির বিজ্ঞাপন দেখা যায়।

সোর্স: আল–জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন