

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নতুন হিজরি বছরের ওমরাহ মৌসুম ঘিরে গুরুত্বপূর্ণ সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩১ মে থেকে ১৪৪৮ হিজরি সালের ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে এবং একই দিন থেকে বিদেশি ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি, অর্থাৎ ৩১ মে থেকে নতুন মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর ১ জুন থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যু ও মক্কায় প্রবেশের অনুমতি পুনরায় চালু করা হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ক্যালেন্ডারে ওমরাহ ভিসা ইস্যু ও যাত্রীদের অবস্থানের সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী বছরের ৯ মার্চ ২০২৭ পর্যন্ত ওমরাহ ভিসা ইস্যু করা হবে। সৌদিতে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ ২০২৭ এবং ওমরাহ শেষে দেশ ত্যাগের সর্বশেষ সময় ৭ এপ্রিল ২০২৭।
ওমরাহ মৌসুম শুরুর প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বিভিন্ন অনলাইন সেবা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। গত ১১ মে থেকে ওমরাহ কোম্পানিগুলোর জন্য ইলেকট্রনিক চুক্তি ও সেবা কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ও বিশেষ সেবাভিত্তিক কার্যক্রমও ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, শনিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রোববার সন্ধ্যায় সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
