

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে সবচেয়ে পরিচিত নাম হামজা চৌধুরী। তবে আগামী দিনে সেই তালিকায় আরেকটি নাম যোগ হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। বাংলাদেশের হয়ে এখনো অভিষেক না হলেও নরউইচের বিপক্ষে প্রাক্–মৌসুম প্রস্তুতি ম্যাচে ফুলহামের মূল দলের অভিষেক হয়েছে দলটির উইঙ্গার ফারহান আলীর।
শনিবার (২৫ জুলাই) নরউইচ সিটির বিপক্ষে প্রাক্–মৌসুম প্রস্তুতি ম্যাচে ফুলহামের মূল দলের জার্সিতে প্রথমবার মাঠে নামেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামেন তিনি। ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পেলেও মূল দলে অভিষেকটাই ছিল তার জন্য বড় অর্জন। যদিও ম্যাচটি ২–০ গোলে হেরে যায় ফুলহাম।
রুদ্ধদ্বার ম্যাচ হওয়ায় দর্শকদের সামনে খেলা দেখার সুযোগ ছিল না। তবে ম্যাচ শেষে ক্লাবের প্রতিবেদনে জানানো হয়, ফারহানের একটি বাঁকানো শট নরউইচ গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলেছিল।
২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহান আলী ওয়াহিদের। তার বাবা–মা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাদের পারিবারিক শিকড় সিলেটে। যদিও তারা নিজেরাও যুক্তরাজ্যেই জন্মেছেন ও বেড়ে উঠেছেন।
ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমিতে হলেও ২০১৯ সালে তিনি যোগ দেন ফুলহামের একাডেমিতে। এরপর বয়সভিত্তিক দলগুলো পেরিয়ে ধারাবাহিক উন্নতি করেছেন এই উইঙ্গার।
২০২২ সালের ডিসেম্বরে এফএ ইয়ুথ কাপে অনূর্ধ্ব–১৮ দলের হয়ে অভিষেক হয় তার। পরের বছর ফুলহামের সঙ্গে স্কলারশিপ চুক্তি করেন। ২০২৪ সালের শুরুতে সুযোগ পান অনূর্ধ্ব–২১ দলে।
বাঁ প্রান্তে খেলা ফারহান নিজের গতি, ড্রিবলিং এবং এক–বনাম–এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর দক্ষতার জন্য দ্রুত নজর কাড়েন।
২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন ফারহান। এরপর প্রিমিয়ার লিগ টু-তে ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাকে আরও আলোচনায় নিয়ে আসে।
গত মৌসুমে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি মৌসুমসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন তিনি। সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবে এবার মূল দলের প্রাক্–মৌসুম ম্যাচে সুযোগ পেলেন এই তরুণ।
এদিকে ক্লাব ফুটবলের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলেও ফারহানকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ চলছে। গত মে মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন, ফারহানের প্রতিনিধিরা জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এরপর তাঁর বাংলাদেশি পাসপোর্ট তৈরির প্রক্রিয়াও শুরু হয়।
বাফুফের পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই তাঁকে দলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের দলেও এই তরুণ উইঙ্গারকে বিবেচনায় রাখা হতে পারে।