রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া গোল করে সমালোচকদের এক হাত নিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:২৯ এএম
ব্রাজিলিয়ান তারকা নেইমার
expand
ব্রাজিলিয়ান তারকা নেইমার

সমালোচনার জবাব কথায় নয়, মাঠের পারফরম্যান্সেই দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলিয়ান সিরি 'আ' লিগে চাপেকোয়েন্সের বিপক্ষে জোড়া গোল করে সান্তোসকে হার থেকে রক্ষা করার পাশাপাশি গোল উদযাপনে পোকার খেলার ভঙ্গি করে সমালোচকদের উদ্দেশেও বার্তা ছুড়ে দেন তিনি।

শনিবার (২৫ জুলাই) ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ২০তম রাউন্ডের ম্যাচে চাপেকোয়েন্সের সঙ্গে ২-২ গোলে ড্র করে সান্তোস। দলের দুটি গোলই করেন নেইমার।

ম্যাচের ৩৫তম মিনিটে বাররেয়ালের পাস থেকে ডি-বক্সে দারুণ ফিনিশিংয়ে সান্তোসকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে মার্সিনিয়োর গোলে সমতায় ফেরে চাপেকোয়েন্সে।

৬২তম মিনিটে জোয়াও আনানিয়াসের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। তবে ম্যাচের শেষ মুহূর্তে, ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে সান্তোসকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন নেইমার।

প্রথম গোলের পর নেইমারের উদযাপনই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়। গোল করার পর তিনি তাস বিলানোর ভঙ্গি করেন, যা অনেকেই সাম্প্রতিক পোকার বিতর্কের প্রতীকী জবাব হিসেবে দেখছেন। টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, উদযাপনের সময় তিনি বিদ্রূপাত্মক ভঙ্গিতেও প্রতিক্রিয়া জানান।

গত সপ্তাহে সাও পাওলোতে আয়োজিত দুই দিনব্যাপী একটি পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন নেইমার। একই সময়ে কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ম্যাচে তিনি না খেলায় তাঁর পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন ওঠে। পরে সান্তোস জানায়, পরিকল্পিত বিশ্রামের অংশ হিসেবেই ওই ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি।

বিতর্কের জবাবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নেইমার বলেন, ‘আমি সকালে অনুশীলন করেছি, পরে আবার অনুশীলনে ফিরেছি। সেদিন আমার ছুটি ছিল। ছুটির দিনে আমি কী করব, সেটা আমার ব্যক্তিগত বিষয়। তারপরও সবাই সমালোচনা করছে। এখন অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এবার কি অনুশীলন করাও নিয়ে সমালোচনা হবে? নিজের জীবনটা নিয়ে ভাবুন।’

মাঠে জোড়া গোল এবং ব্যতিক্রমী উদযাপনের মাধ্যমে নেইমার যেন পরিষ্কার বার্তাই দিলেন সমালোচনার সবচেয়ে ভালো জবাব আসে পারফরম্যান্স দিয়েই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank