

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, সড়ক যোগাযোগ বৃদ্ধি এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা সাংস্কৃতিক বিনিময়, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং দুই দেশের মানুষের মধ্যে আরও অবাধ চলাচলের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের উদ্বেগের বিষয়গুলো সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। এর মধ্যে কাঠামোগত বাণিজ্য ভারসাম্যহীনতা, সরবরাহ শৃঙ্খলের সমস্যা এবং বাজারে অর্থবহ ও পূর্বাভাসযোগ্য প্রবেশাধিকারের বিষয় রয়েছে।
চীনের শুল্কসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীন-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড ১৫ হাজার ৫৬০ কোটি ডলারে পৌঁছায়। ভারতীয় আমদানির সবচেয়ে বড় উৎস এখন চীন। ২০২৫-২৬ অর্থবছরে চীন থেকে ভারতের আমদানি ১৩ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছায়।
অন্যদিকে চীনে ভারতের রপ্তানি তুলনামূলকভাবে অনেক কম। এতে দুই দেশের মধ্যে ভারতের বাণিজ্য ঘাটতি ১০ হাজার কোটি ডলারেরও বেশি হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শি জিনপিং বলেছেন, চীন সবসময় চীন-ভারত সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দেখে এসেছে এবং সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে।
তিনি বলেন, দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে, সহযোগিতার ক্ষেত্র বাড়ছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছেছে।
চীন ও ভারতের সম্পর্ক দীর্ঘদিন ধরেই সীমান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ। ১৯৬২ সালে দুই দেশের মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ সীমান্ত যুদ্ধ হয়েছিল। এরপর ২০২০ সালে লাদাখ সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় ও চার চীনা সেনা নিহত হলে দুই দেশের সম্পর্ক আবারও তলানিতে নেমে যায়।
২০২৪ সালে শি জিনপিং ও নরেন্দ্র মোদি হিমালয়ের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান কমানোর বিষয়ে সম্মত হন। এরপর থেকেই দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়।
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী চীন ও ভারতের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর বড় একটি অংশ এখনো আনুষ্ঠানিকভাবে চিহ্নিত নয়।



