শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের হায়দ্রাবাদে দ্রুতগতির গাড়ির ধাক্কায় ২৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের এমপি লিঙ্গামানেনি রমেশের ছেলে সঞ্জুশের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

নিহত নারীর নাম ভারতী মুখি। হায়দরাবাদের ইনঅরবিট মলের পোশাকের দোকানে কর্মরত ছিলেন। গত ১৬ আগস্ট মাধাপুর এলাকায় কর্মস্থলের কাছে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি তাকে ধাক্কা দেয়।

পুলিশ জানিয়েছে, গাড়িটি বেপরোয়া ও অসতর্কভাবে দ্রুতগতিতে চালানো হচ্ছিল। গাড়িটির চালক হিসেবে সঞ্জুশকে শনাক্ত করা হয়েছে। তিনি অন্ধ্রপ্রদেশের ব্যবসায়ী ও রাজ্যসভার সদস্য লিঙ্গামানেনি রমেশের ছেলে। রমেশ অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের জনসেনা পার্টির এমপি।

দুর্ঘটনার পর ভারতী গুরুতর মাথায় আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পুলিশ জানায়, তাকে ওই গাড়িতেই জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় ভারতী ও তার সহকর্মী ২৬ বছর বয়সী পূজা অশোক অ্যালোন রোববার দুপুর ৩টার দিকে কাছের আইটিসি কোহিনুর এলাকায় দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। সেখান থেকে কর্মস্থলে ফেরার সময় মলের সামনে রাস্তা পার হচ্ছিলেন ভারতী। তখনই গাড়িটি তাকে ধাক্কা দেয়।

ভারতীর সঙ্গে থাকা পূজা পরে দোকানের ম্যানেজার অশ্বিন কুমারকে বিষয়টি জানান। এরপর তিনি পুলিশকে খবর দেন।

এ ঘটনায় সঞ্জুশকে এখনো গ্রেপ্তার করা হয়নি। মাধাপুরের সহকারী পুলিশ কমিশনার চি শ্রীধর জানিয়েছেন, অভিযুক্তকে নোটিশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে করা ধারাটি জামিনযোগ্য এবং এতে সর্বোচ্চ সাত বছরের কম সাজা হওয়ায় এখনই তাঁকে গ্রেপ্তার করা হয়নি।

ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৬(১) ধারায় মামলাটি করা হয়েছে। এ ধারায় অপরাধমূলক হত্যাকাণ্ডের পর্যায়ে না পড়া বেপরোয়া বা অবহেলাজনিত কর্মকাণ্ডে কারও মৃত্যুর বিষয়টি অন্তর্ভুক্ত।

সূত্র: এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank