

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের মহারাষ্ট্রে একটি গুরুদুয়ারায় শিরোমণি অকালি দলের (এসএডি) প্রধান ও পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদালের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবারের (১৩ আগস্ট) এ ঘটনায় তার হাতে আঘাত লেগেছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে অকালি দল সূত্র জানিয়েছে।
হামলার পর সুখবীর বাদালকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তার হাতে সেলাই দেওয়া হয়েছে। হামলার সময় তার নিরাপত্তায় থাকা এক সদস্যও আহত হয়েছেন।
পরিবারের সদস্যদের সঙ্গে গুরুদুয়ারায় প্রার্থনা শেষে সিঁড়ি দিয়ে নামছিলেন বাদাল। এ সময় তার ওপর হামলা চালানো হয়। তার স্ত্রী ও অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদালও তখন তার সঙ্গে ছিলেন।
হামলাকারী হিসেবে জাসপাল সিং নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি গত দুই বছর ধরে ওই গুরুদুয়ারায় কাজ করছিলেন বলে সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সূত্রের বরাতে জানা গেছে, হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে সুখবীর বাদালের পেটে আঘাত করার চেষ্টা করেছিলেন। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত তকে বাধা দেন। এতে বাদালের পেটে আঘাত লাগেনি তবে তার হাতে আঘাত লাগে।
হামলার পর বাদালের ডান হাতে গেরুয়া কাপড় বাঁধা অবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নান্দেদের পুলিশ সুপারের সঙ্গে কথা বলে হামলার বিষয়ে বিস্তারিত জানতে চান। হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।
এর আগে ২০২৪ সালের ৪ ডিসেম্বর অমৃতসরের স্বর্ণমন্দিরের বাইরে সুখবীর বাদালের ওপর হামলার চেষ্টা হয়েছিল। তখন তিনি ‘সেবাদার’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হামলাকারী গুলি চালানোর চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলেন। ওই ঘটনায় বাদাল অক্ষত ছিলেন।
সূত্র: এনডিটিভি


