

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের উত্তরাখণ্ডে টানা বৃষ্টির মধ্যে নদীর পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে একটি সেতু ভেসে গেছে। সেতুটি ভেঙে যাওয়ার পর নীতি উপত্যকার সঙ্গে মূল শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে নেমে আসা কাদামিশ্রিত পানি প্রবল বেগে সেতুটির দিকে ধেয়ে আসছে। এরপর স্রোতের ধাক্কায় সেতুটি উপড়ে গিয়ে নদীর তীরের দিকে ভেসে যায়।
ভিডিওতে আরও দেখা যায়, সেতুর পাশের সড়কে একটি ট্রাক ও একটি এসইউভি দাঁড়িয়ে ছিল। সেতুটি ভেসে যাওয়ার ঠিক আগে সেখান থেকে যান দুটি সরিয়ে নেওয়া হয়।
সেতুটি ধসে পড়ার পর দুর্গম এই এলাকার সঙ্গে মূল শহরের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও অন্যদের ওই এলাকায় যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।
নদী ও ছোট জলধারার কাছাকাছি বসবাসকারীদেরও নিরাপদ দূরত্বে সরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। টানা বৃষ্টির কারণে এসব জলপথে পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
উত্তরাখণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন বিভাগের সচিব বিনোদ কুমার সুমন জানান, রোববার রাত থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। দেহরাদুন, বাগেশ্বর, নৈনিতাল ও চম্পাওয়াত জেলায় বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিনোদ কুমার বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সন্ধ্যার দিকে সাময়িকভাবে বৃষ্টির তীব্রতা কমলেও রাতে আবার বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে সতর্কতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দুর্যোগের সময় করণীয় সম্পর্কেও সচেতন করা হচ্ছে।

