

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের রাজস্থানের একটি সরকারি হাসপাতালে ছাদের একাংশ ধসে পড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় হঠাৎ প্লাস্টারের ছাদের একটি অংশ ভেঙে তাঁর মাথায় পড়ে। এ ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো ঘটনাটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি রাজস্থানের চুরু জেলার সুজানগড়ে অবস্থিত সরকারি ফতেহপুরিয়া মা ও শিশু হাসপাতালে ঘটে। আহত ওই নারী চিকিৎসা শেষে হাসপাতালের বারান্দা দিয়ে বের হওয়ার সময় প্রবেশপথের প্লাস্টারের ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আহত নারীকে দ্রুত সরকারি বাগাড়িয়া মহকুমা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ গুরুতর আহত হননি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতাল ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তারা বলছেন, পুরোনো অবকাঠামোর কারণে রোগী ও স্বজনদের প্রায়ই নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়। স্থানীয়রা দ্রুত পুরো ভবনের নিরাপত্তা পরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কারকাজের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বংশীধর বলেন, ভবনটির সংস্কারের প্রয়োজনীয়তা জানিয়ে তিনি আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। শিগগিরই প্রয়োজনীয় মেরামতকাজ শুরু হবে বলে আশা করছেন তিনি।