

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিজের দলের এক কর্মীকে চড় মারার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রোববার বারুইপুরে এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৮ জুলাই) কলকাতায় আদালতের অনুমতি নিয়ে তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে হাজরা এলাকায় বিজেপির আরেকটি মিছিলের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।
পরে আহত ও অসুস্থ কর্মীদের খোঁজ নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী জড়ো হন। অতিরিক্ত ভিড়ের কারণে সেখানে আবারও বিশৃঙ্খলা দেখা দেয়।
এ সময় মমতা নিজেই বাড়ি থেকে বেরিয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিলেও অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কমলা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তিকে তিনি চড় মারছেন। পরে আরও কয়েকজন কর্মীর পিঠে থাপ্পড় দিতেও দেখা যায় তাকে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, চড় খাওয়া ব্যক্তি তৃণমূল কংগ্রেসেরই একজন কর্মী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কারণে এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
