বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ফিফার দ্বারস্থ মিশর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ম্যাচের রেফারিং। বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের অভিযোগ তুলে এবার ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার অফিশিয়ালদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।

আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ওই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। ম্যাচ শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে দলটি। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে তুলে ধরা হয়।

মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে পাঠানো চিঠিতে ম্যাচের গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তের তদন্ত দাবি করেছেন। তার অভিযোগ, রেফারির একাধিক সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে এবং ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে।

মিশরের আপত্তির অন্যতম কারণ ৬২তম মিনিটে মোস্তফা জিকোর করা গোল বাতিল হওয়া। ভিএআর পর্যালোচনার পর বিল্ডআপে ফাউলের অভিযোগ তুলে গোলটি বাতিল করেন রেফারি।

এ ছাড়া আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোল নিয়েও আপত্তি তুলেছে মিশর। তাদের দাবি, গোল হওয়ার আগে হামদি ফাথিকে ফাউল করা হলেও সেটি ভিএআরে যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি। মিশরের মতে, এই সিদ্ধান্তও ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসান রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ম্যাচের ফল যেন আগেই নির্ধারিত ছিল এবং রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল। তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এদিকে, মিশরের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ফিফা। ফলে বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup