

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফিফা। ফলে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন যুক্তরাষ্ট্র দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল।
ফিফার ডিসিপ্লিনারি প্রিভিউ (শাস্তিমূলক তথ্য) তালিকায় তাদের নাম প্রকাশের পর বিষয়টি প্রকাশ্যে আসে। তবে সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে সংস্থাটি কোনো ব্যাখ্যা দেয়নি।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচের পর ফিফার ম্যাচ প্রোটোকল ভঙ্গ এবং অননুমোদিত এলাকায় প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, ঘটনাটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের সম্পর্ক থাকতে পারে বলেও ধারণা করছেন অনেক বিশ্লেষক। ওই ম্যাচে লাল কার্ড দেখার পরও বালোগুন মাঠে ফিরে সতীর্থদের সঙ্গে উদযাপনে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, যা ফিফার নিয়মের পরিপন্থি।
তবে ইউএস সকার ফেডারেশন এই জল্পনা উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, দুই কর্মকর্তার বরখাস্তের সঙ্গে বালোগুনের নিষেধাজ্ঞা কিংবা তাকে বেলজিয়ামের বিপক্ষে খেলানোর কোনো প্রচেষ্টার সম্পর্ক নেই।
সংস্থাটি বরখাস্তের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। তাদের ভাষ্য, বিষয়টি পুরোপুরি ফিফার এখতিয়ারভুক্ত। অন্যদিকে, ফিফাও এ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি।
স্যাম জাপাটকা ২০১৫ সাল থেকে ইউএস সকার ফেডারেশনের সঙ্গে যুক্ত। ২০২০ সাল থেকে তিনি জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, ফ্র্যাঙ্ক প্যানেল নিরাপত্তাবিষয়ক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও সিআইএর মতো সংস্থায়ও কাজ করেছেন।
ফিফার নীরবতায় দুই কর্মকর্তার বরখাস্তের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তবে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র শিবিরে অস্বস্তি বাড়িয়েছে এবং ফুটবল অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

