বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ভারতজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১০:০৫ এএম
দিল্লীর যন্তর-মন্তরে ‘ককরোচ পার্টির’ বিক্ষোভ ।। ছবি: সংগৃহীত
expand
দিল্লীর যন্তর-মন্তরে ‘ককরোচ পার্টির’ বিক্ষোভ ।। ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁসসহ বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে নবগঠিত প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’।

সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে দেশজুড়ে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি শুরু করা হবে।

দিল্লির যন্তর মন্তরে গত শনিবার অনুষ্ঠিত প্রথম বড় কর্মসূচির পর রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে আন্দোলন আরও বিস্তৃত করার ঘোষণা দেন দিপকে। তিনি বলেন, ওই দিনের কর্মসূচি ছিল কেবল শুরু, আগামী দিনে বিভিন্ন রাজ্যে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক পরীক্ষাসংক্রান্ত অনিয়মে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সরকারের অবস্থান নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি।

সিজেপি নেতা আরও জানান, আন্দোলন শান্তিপূর্ণ থাকবে, তবে দাবি পূরণ না হলে দেশজুড়ে বিক্ষোভ আরও জোরদার করা হবে।

এদিকে আন্দোলন ঘিরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ভেতর থেকেও ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া এসেছে। দলের একাংশ মনে করছে, তরুণদের ক্ষোভকে উপেক্ষা করা ঠিক হবে না। আবার কেউ কেউ বলছেন, আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি আলোচনার আগে তাদের সাংগঠনিক কাঠামো আরও স্পষ্ট হওয়া প্রয়োজন।

বিজেপির কয়েকজন নেতা স্বীকার করেছেন, পরীক্ষাব্যবস্থার কিছু ত্রুটি ও সাম্প্রতিক বিতর্ক শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে, যা দ্রুত সমাধান করা জরুরি।

সম্প্রতি দেশটিতে প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এতে লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও উঠেছে।

তবে সরকারপক্ষের মতে, এসব সমস্যা কাঠামোগত সংস্কারের মাধ্যমে সমাধানযোগ্য এবং বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ চলছে।

আন্দোলন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে, যেখানে তরুণদের ভূমিকা ও সরকারের প্রতিক্রিয়া—দুই দিকই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন