বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে অনুমতি ছাড়া পশু জবাই নিষেধ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ সরকার পশু জবাই সংক্রান্ত নতুন বিধিমালা জারি করেছে। যেখানে বলা হয়েছে, সরকারি অনুমোদিত ফিটনেস সার্টিফিকেট ছাড়া গরু, ষাঁড়, মহিষ ও বাছুরসহ যেকোনো পশু জবাই করা যাবে না। বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। খবর এনডিটিভির।

বুধবার (১৩ মে) এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সী এবং যেগুলো আর কাজ বা প্রজননের উপযোগী নয় সেইসব পশুকেই জবাইয়ের অনুমতি দেওয়া হবে। এছাড়া বার্ধক্য, আঘাত, শারীরিক বিকৃতি বা দুরারোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেও অনুমতি দেওয়া যেতে পারে।

তবে, সনদে এসব কারণ লিখিতভাবে উল্লেখ করতে হবে এবং এই সনদ পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে একজন সরকারি পশু চিকিৎসক দেবেন।

এছাড়া, কোনো আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও জানানো হয়েছে।

বিধিমালায় আরও বলা হয়েছে, অনুমোদিত পশু শুধুমাত্র পৌরসভার নির্ধারিত কসাইখানা বা প্রশাসন চিহ্নিত স্থানে জবাই করা যাবে। জনসম্মুখে বা খোলা স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, প্রশাসনের অনুমোদিত কর্মকর্তা বা পশু চিকিৎসক কোনো স্থানে পরিদর্শনে গেলে তাতে বাধা দেওয়া যাবে না। এ ধরনের ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নতুন এই নিয়ম ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এছাড়া সব অপরাধকেই আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

উল্লেখ্য, সবশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ক্ষমতায় এসে এই নতুন নিয়ম জারি করল দলটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন