

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের অভিযান চলাকালে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত দুটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (০২ আগস্ট) রাজধানী এথেন্সের পশ্চিমে পসাথা এলাকায় এ দুর্ঘটনার পর নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির ফায়ার সার্ভিস।
দুর্ঘটনাটি ঘটে এমন সময়, যখন অ্যাটিকা অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে অভিযান চালানো হচ্ছিল। গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, সংঘর্ষের পর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয় এবং অন্যটি ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক দাবানলে এথেন্সের উত্তর-পশ্চিমাঞ্চলে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক দমকলকর্মী ও আকাশযান মোতায়েন করা হয়েছে।
এদিকে একই দিনে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ কেফালোনিয়াতেও নতুন করে দাবানল ছড়িয়ে পড়ায় কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কম উচ্চতায় উড়ে যাওয়ার সময় দুটি অগ্নিনির্বাপণ উড়োজাহাজ একে অপরের খুব কাছে চলে আসে। একপর্যায়ে নিচে থাকা উড়োজাহাজের ডানা ওপরের উড়োজাহাজে আঘাত করলে আগুন ধরে যায় এবং সেটি ভূপাতিত হয়। অন্য উড়োজাহাজটি পানি ফেলে নিরাপদে সরে যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত একটি উড়োজাহাজের ক্রু সদস্যদের খুঁজে পাওয়া গেছে এবং তারা নিরাপদ রয়েছেন। তাদের সহায়তায় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
অন্য উড়োজাহাজটির অবস্থানও শনাক্ত করা হয়েছে। সেখানে থাকা ক্রু সদস্যদের উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে রেকর্ড তাপমাত্রা ও দীর্ঘস্থায়ী খরার কারণে দাবানলের প্রকোপ বেড়েছে। ফ্রান্স, স্পেন ও গ্রিসসহ বিভিন্ন দেশে বড় পরিসরে বনাঞ্চল ও বসতি এলাকা আগুনে পুড়ে গেছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন চরম আবহাওয়া ও দাবানলের ঝুঁকি আরও বাড়ছে।