

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোকে হত্যার পরিকল্পনার অভিযোগে একটি নব্য-নাৎসি উগ্র ডানপন্থি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে দেশটির পাবলিক প্রসিকিউটর অফিস।
দেশটির পাবলিক প্রসিকিউটর অফিসের অভিযোগপত্রে বলা হয়েছে, সংগঠনটি প্রধানমন্ত্রীর বাসভবনে গ্রেনেড হামলা চালানো অথবা তাকে অপহরণের পরিকল্পনা করেছিল।
অভিযোগে উঠে এসেছে, ‘মুভিমেন্তো আর্মিলার লুসিতানো’ নামের ওই সংগঠন চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে এই পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল বলে তদন্তকারীদের ধারণা। তাদের সম্ভাব্য লক্ষ্য ছিল লিসবনে প্রধানমন্ত্রীর বাসভবন।
তদন্তকারীরা জানিয়েছেন, সংগঠনটির লক্ষ্য শুধু প্রধানমন্ত্রীই ছিলেন না। তাদের তৈরি করা তালিকায় সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা, প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা এবং অভিবাসী সহায়তা কার্যক্রমের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ ১২০ জনের বেশি নাম ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার আদালতে জমা দেওয়া নথিতে উগ্র জাতীয়তাবাদী ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শে বিশ্বাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
পর্যটন ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত পর্তুগালে চরমপন্থি গোষ্ঠীর তৎপরতা নিয়ে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সংস্থাগুলো নজরদারি বাড়িয়েছে।
সূত্র: দ্য রেসিডেন্ট
