সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অজিত কুমার, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:২৩ পিএম
অজিত কুমার
expand
অজিত কুমার

গতির রোমাঞ্চ আর রুপালি পর্দার জাদুকরী উপস্থিতি- দক্ষিণী মেগাস্টার অজিত কুমার এই দুই ভুবনেই সমানে সক্রিয়। সম্প্রতি ইউরোপের আন্তর্জাতিক এন্ডুরেন্স রেসিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। হাই-স্পিড রেস চলাকালে হঠাৎই তার গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে অজিতের রেসিং কারটি পাশের অন্য একটি গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে সঠিক সুরক্ষা ব্যবস্থা ও ভাগ্যক্রমে এই বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তারকা। দুর্ঘটনার পর পর কোনো বড় আঘাত ছাড়াই তিনি নিজে গাড়ি থেকে বের হয়ে আসতে সক্ষম হন।

পর্দায় অ্যাকশন হিরো হলেও পেশাদার মোটরস্পোর্টসে অজিত কুমারের ভূমিকা অত্যন্ত সুপরিচিত। শুধুই শখ নয়, রেসিংকে পেশা হিসেবে নিয়ে তিনি বিশ্বমঞ্চে একাধিকবার ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

ফর্মুলা এশিয়া বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপ, ক্রাভেন্টিক ২৪-আওয়ার সিরিজ এবং জিটি৪ ইউরোপিয়ান সিরিজের মতো বিশ্বমানের রেসে নিয়মিত নামেন অজিত।

চলতি বছর ইতালির মুগেলো ১২ ঘণ্টার রেসে তার দল নবম স্থান অধিকার করে সাফল্য অর্জন করে।

এরপর স্পা ও পল রিকার্ডের মতো কঠিন আন্তর্জাতিক ট্র্যাকেও ঝড় তুলেছেন তিনি। গতি ও রেসিংয়ের প্রতি নিজের টান থেকে তিনি ‘অজিত কুমার রেসিং’ নামে নিজস্ব একটি টিমও গড়ে তুলেছেন।

রেসিং ট্র্যাকে এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি অজিতের জন্য নতুন নয়। ২০২৫ সালে ইতালিতে জিটি৪ ইউরোপিয়ান সিরিজেও তিনি এক ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন।

ঠিক একই বছর স্পেনের ভ্যালেন্সিয়ায় পোরশে স্প্রিন্ট চ্যালেঞ্জে রেস করার সময় তার গাড়ি পরপর দুইবার উল্টে যায়। প্রতিবারই নিজের নিয়ন্ত্রণ দক্ষতা ও ভাগ্য জোরে অলৌকিকভাবে অক্ষত অবস্থায় ফিরে এসেছেন তিনি।

বারবার ট্র্যাকে ফিরে আসার এই প্রবল মানসিক শক্তি ও মেধা দেখে ভক্তরা এখন প্রিয় তারকার দ্রুত এই ধাক্কা সামলে ওঠার প্রার্থনায় দিন গুনছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন