

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিয়ানমারের একটি বৌদ্ধ বিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় তিন নারীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। দেশটির সামরিক সরকারের বিরোধী একটি সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
শুক্রবার (২১ আগস্ট) দেশটির সাগাইং অঞ্চলের মিয়াউং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামে এ হামলা হয়। গ্রামটি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
মিয়াউং টাউনশিপের সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশনের (সিডিএসওএম) মুখপাত্র নওয়ে ওও বলেন, একটি যুদ্ধবিমান থেকে বৌদ্ধ বিহারটির চত্বরে বোমা ফেলা হয়। এতে ১৪ জন নিহত ও ২০ জন আহত হন।
স্থানীয় এক বাসিন্দা জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে সপ্তাহব্যাপী ধর্মীয় সাধনায় অংশ নিতে বিহারটিতে ও এর আশপাশে শতাধিক মানুষ অবস্থান করছিলেন। তিনি বলেন, যুদ্ধবিমানটি প্রায় ১৫ মিনিটের ব্যবধানে গ্রামে দুটি বোমা ফেলে। হামলায় তার শাশুড়িও নিহত হয়েছেন।
হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে তারা আগে থেকেই দাবি করে আসছে, সামরিক বাহিনী কেবল বৈধ লক্ষ্যবস্তুতেই হামলা চালায়।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর সামরিক শাসনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে সামরিক বাহিনী ব্যাপক সহিংসতা চালানোর পর অনেক বিরোধী গোষ্ঠী সশস্ত্র লড়াইয়ে জড়িয়ে পড়ে। বর্তমানে দেশটিতে প্রায় দেশজুড়ে গৃহযুদ্ধ চলছে।
সূত্র: আল জাজিরা


