

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানে যাওয়ার পথে মরুভূমিতে তীব্র তৃষ্ণা ও প্রচণ্ড গরমে প্রাণ হারিয়েছেন ১৯ আফগান নাগরিক। আফগানিস্তানের নিমরোজ প্রদেশের মরুভূমি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (০২ আগস্ট) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, রিগ লালো মরুভূমি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এর কয়েক দিন আগে কাছের দাশত-ই মারগো এলাকা থেকে আরও পাঁচজনের মরদেহ পাওয়া যায়।
নিমরোজ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হাবিবুল্লাহ এলহাম জানান, প্রচণ্ড তাপমাত্রা ও পানিশূন্যতার কারণে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। মরুভূমি পার হওয়ার সময় তাদের পানি শেষ হয়ে যাওয়ায় তারা চরম তাপের মধ্যে আটকা পড়ে যান।
কর্তৃপক্ষ জানায়, প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধারের পর নিখোঁজ থাকা অন্য সদস্যদের খোঁজে অভিযান শুরু করা হয়। পরে আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিমরোজ প্রদেশের মুখপাত্র আবদুল মুতাওয়াকিল তাওহিদি জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কর্তৃপক্ষ দুর্গম মরুভূমি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে।
স্থানীয় সূত্র ও আফগান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত সবাই উত্তর-পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশের একই গ্রামের বাসিন্দা ছিলেন। উন্নত জীবনের আশায় ও কাজের সন্ধানে তারা ইরানের উদ্দেশে রওনা হয়েছিলেন।
ইরান ও পাকিস্তান সীমান্তবর্তী নিমরোজ আফগানদের দেশ ছাড়ার অন্যতম প্রধান পথ। অঞ্চলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং গ্রীষ্মকালে সেখানে তাপমাত্রা প্রায়ই ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।