বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশসহ ৪ দেশের ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। নতুন নীতির আওতায় ওমরাহ ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে। এর মূল্য প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল। এই অর্থ সরাসরি ওমরাহ ভিসার মোট ফি’র সঙ্গে যুক্ত করা হবে।

নতুন নিয়মটি রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ওমরাহযাত্রীদের ক্ষেত্রে কার্যকর হবে। মঙ্গলবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ পাকিস্তান।

নতুন ব্যবস্থায় ওমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন, খাবারসহ বিভিন্ন সেবা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয় করা হবে। এ উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিটি ওমরাহযাত্রীর ভিসার সঙ্গে একটি স্বতন্ত্র কোড যুক্ত থাকবে। ওই কোড ব্যবহার করে অনুমোদিত খাবারের দোকান ও রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করা যাবে।

সৌদি কর্তৃপক্ষের নতুন এই উদ্যোগের লক্ষ্য হলো- ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা। একই সঙ্গে অনিবন্ধিত সেবা প্রদানকারীদের কার্যক্রম নিরুৎসাহিত করা। এছাড়া ওমরাহযাত্রীদের জন্য সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করাও এর অন্যতম উদ্দেশ্য।

তবে নতুন নিয়মের কারণে ওমরাহ প্যাকেজের মোট খরচ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে বাংলাদেশ, পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোর ট্রাভেল এজেন্সিগুলোকে তাদের ওমরাহ প্যাকেজ ও মূল্য নতুন করে পর্যালোচনা করতে হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন