

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কোলম্বিয়ার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের সাবেক অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশটির সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
৩৩ বছর বয়সী দেইসি, যিনি অ্যামারান্তা হ্যাঙ্ক নামেই বেশি পরিচিত, বামপন্থী হিস্টোরিক প্যাক্ট জোটের প্রার্থী হিসেবে নর্তে দে সান্তান্দের অঞ্চল থেকে নির্বাচনে অংশ নেন। জোটটি পর্যাপ্ত আসন পাওয়ায় তিনি সিনেটে যাওয়ার সুযোগ পান এবং সম্প্রতি রাজধানী বোগোটায় শপথ নেন।
নির্বাচনী প্রচারে দেইসি প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু নির্মাতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, আইনি সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তাঁর ভাষ্য, এই খাতে কর্মরত অনেকেই বৈষম্য, সামাজিক কলঙ্ক ও অধিকারবঞ্চনার শিকার হন। এ ছাড়া নারীর অধিকার, মানসিক স্বাস্থ্য, মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়েও কাজ করার অঙ্গীকার করেন তিনি।
পর্ন ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার আগে দেইসি সাংবাদিক হিসেবে কাজ করতেন। ২০১৭ সালে তিনি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও কয়েক বছর পর সেই অঙ্গন ছেড়ে রাজনীতিতে যোগ দেন।
নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর তাঁর অতীত পেশা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তবে দেইসি বলেন, একজনের অতীত পেশা নয়, বরং জনগণের জন্য কাজ করার সক্ষমতাই জনপ্রতিনিধি হওয়ার প্রধান যোগ্যতা হওয়া উচিত।
কোলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নেতৃত্বাধীন হিস্টোরিক প্যাক্ট বর্তমানে দেশটির অন্যতম বড় রাজনৈতিক জোট। সর্বশেষ নির্বাচনে জোটটি ৪৪ লাখের বেশি ভোট পেয়ে সিনেটে ২৫টি আসন অর্জন করে।
উল্লেখ্য, কোলম্বিয়ায় এর আগেও প্রাপ্তবয়স্ক বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরকারি দায়িত্বে এসেছেন। কয়েক মাস আগে সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেতা হুয়ান কার্লোস ফ্লোরিয়ানকে উপমন্ত্রী নিয়োগ দেওয়া হলে দেশটির রাজনীতিতে ব্যাপক আলোচনা তৈরি হয়।