শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:০৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পাকিস্তানের আতিথেয়তা, খাবার, ক্রিকেট সংস্কৃতি এবং বর্ণিল বিয়ের আয়োজনের প্রশংসা করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স নাটালি এ বেকার। তিনি বলেছেন, পাকিস্তানিদের আন্তরিকতা এমন যে, দেশটিতে আগত অতিথিরা নিজেদের পরিবারের সদস্য বলেই মনে করেন।

ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে বেকার পাকিস্তানে তার অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, অবসর সময়ে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে নতুন জায়গা ও সংস্কৃতি সম্পর্কে জানতে তার ভালো লাগে।

ক্রিকেট প্রসঙ্গে বেকার বলেন, পাকিস্তানে আসার পর থেকেই খেলাটির প্রতি তার আগ্রহ বেড়েছে। যদিও তিনি এখনও ক্রিকেটের নিয়ম-কানুন ও বিভিন্ন দিক শেখার পর্যায়ে রয়েছেন বলে উল্লেখ করেন।

খেলাটিকে কিছুটা জটিল মনে হলেও তিনি সুযোগ পেলেই স্টেডিয়ামে গিয়ে খেলা উপভোগ করেন। বিশেষ করে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ম্যাচে গ্যালারিতে বসে সমর্থন জানাতে তার ভালো লাগে বলে জানান এই মার্কিন কূটনীতিক।

পাকিস্তানি সংস্কৃতি সম্পর্কে বিশ্ববাসীর আরও ভালোভাবে কী জানা উচিত—এমন প্রশ্নের জবাবে বেকার বলেন, দেশটির মানুষের উষ্ণতা ও আতিথেয়তাই তার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য। তার ভাষ্য, পাকিস্তানিরা অতিথিদের অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেন এবং তাদের নিজেদের পরিবারের সদস্যের মতোই সম্মান ও যত্ন দেন।

খাবারের প্রসঙ্গে বেকার জানান, তার পছন্দের তালিকায় রয়েছে ‘পালং পনির’ ও ডাল। তিনি বলেন, দুটি খাবারই অত্যন্ত সুস্বাদু এবং পাকিস্তানে থাকার সময় এগুলো খেতে তিনি বেশ পছন্দ করেন।

এ ছাড়া পাকিস্তানের জনপ্রিয় নাশতা ও পানীয় নিয়েও প্রশংসা করেন তিনি। বেকারের মতে, চা ও পেঁয়াজু (পাকোড়া) দারুণ স্বাদের। পাশাপাশি দেশটির বিভিন্ন ধরনের মিষ্টান্নও তাকে মুগ্ধ করেছে। তিনি পাকিস্তানের মিষ্টিজাতীয় খাবারকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন।

পাকিস্তানিদের কোন আমেরিকান খাবারের পরামর্শ দেবেন—এমন প্রশ্নের জবাবে বেকার বলেন, তার নিজ শহর টেক্সাসের সান আন্তোনিও’র ‘ব্রেকফাস্ট টাকো’ হবে তার প্রথম পছন্দ।

তিনি আরও বলেন, টেক্সাস বারবিকিউও এমন একটি আমেরিকান খাবার, যা পাকিস্তানিদের অবশ্যই একবার চেখে দেখা উচিত। ব্রেকফাস্ট টাকোর পাশাপাশি এটিও তার পরামর্শের তালিকায় রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup