শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:২০ পিএম
বাংলাদেশের পাসপোর্ট ।। ফাইল ছবি
expand
বাংলাদেশের পাসপোর্ট ।। ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকেরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের মে মাসের হালনাগাদ পাসপোর্ট সূচকে এ তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) সরবরাহ করা তথ্যের ভিত্তিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স তৈরি করা হয়। সূচকে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে। কোনো দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় প্রবেশ করতে পারেন, তার ওপর ভিত্তি করে র‌্যাংকিং নির্ধারণ করা হয়।

সর্বশেষ সূচকে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় অবস্থানে রয়েছে সু্ইডেন।

চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড।

এছাড়া পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য আছে ষষ্ঠ অবস্থানে। সপ্তম স্থানে আছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাতভিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া। তালিকার অষ্টম স্থানে আছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া। নবম স্থানে আছে লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া। তালিকার দশম স্থানে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

সূচকে বাংলাদেশের অবস্থান কিছুটা অবনতি হয়েছে। আগের তালিকায় ৯৫তম স্থানে থাকলেও এবার দেশটির অবস্থান ৯৬তম। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৬টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।

তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীদের আন্তর্জাতিক ভ্রমণে সবচেয়ে বেশি বিধিনিষেধের মুখোমুখি হতে হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন