

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশে এখন বসন্তকাল, কিন্তু ঢাকার আকাশে বর্ষার আভাস। কয়েক দিন ধরেই ধূসর মেঘে ঢেকে যাচ্ছে রাজধানীর আকাশ। ঈদের সময় যারা পরিকল্পনা করছেন বাড়ি ফিরবেন বা কাছে-দূরে ঘুরতে যাবেন, তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এমন আবহাওয়া।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাসই দিয় বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে আজ এবং আগামী বেশ কিছুদিন আবহাওয়ার এই অবস্থা অব্যাহত থাকারও সম্ভাবনা রয়েছে।
আর কিছুদিন পরেই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বা রোজার ঈদ দরজায় কড়া নাড়ছে। ঘরে ঘরে এখন এই ঈদ উদযাপনের প্রস্তুতি, অনেকে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত। আবার অনেকে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে যাওয়ার জন্য অধীর অপেক্ষায় আছেন। ঠিক তখনই এল এই ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা।
যারা চাকরি, পড়াশোনা, ব্যবসাসহ নানা কারণে পরিবার থেকে দূরে থাকে, তারা যেন এবার ঈদে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে জন্য বাড়তি ছুটিও ঘোষণা করেছে সরকার।
শবে কদর (১৭ মার্চ) ও ঈদুল ফিতরের (১৮ মার্চ থেকে ২৩ মার্চ) ছুটি মিলিয়ে এবার টানা সাত দিন সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
অনেকে আবার বাড়তি ছুটি নিয়ে নির্ধারিত তারিখের আগেই ঈদের ছুটি কাটাতে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু এই সময়ে যদি ঝড়বৃষ্টি হয়, তাহলে কেনাকাটা থেকে শুরু করে মানুষের ঈদযাত্রায়ও বিঘ্ন ঘটতে পারে। আবার অতিরিক্ত গরম পড়লেও ভোগান্তি তৈরি হতে পারে।
ঈদের আগে আগে বা ঈদের দিন বৃষ্টি হলে খোলা মাঠে ঈদের জামাত আয়োজনেও সমস্যা হতে পারে। তাই যারা ঈদের জন্য দূরের পথ পাড়ি দিয়ে বাড়ি যাবেন, তারা আগেভাগেই জেনে নেওয়ার চেষ্টা করছেন যে আগামী কয়েক দিন আবহাওয়া পরিস্থিতি আসলে কেমন থাকবে।
ঈদের দিন কি বৃষ্টি হবে
ঈদের বাকি আছে আনুমানিক সাত দিন। আবহাওয়া পরিস্থিতি দেখে আপাতত ধারণা করা যাচ্ছে, ঈদের দিন দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। তবে তা ‘সাময়িক’, বলছিলেন আবহাওয়াবিদ নাজমুল হক।
তিনি জানান, আপাতত বৃষ্টির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে আগামী ১৬ ও ১৭ মার্চ।
অর্থাৎ তখন বেশির ভাগ মানুষই ঈদের ছুটি কাটাতে বাড়ির পথে থাকবেন। সে ক্ষেত্রে তখন বৃষ্টির কারণে তাদের ঈদযাত্রায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে।
তিনি আরও বলেন, ‘১৬ ও ১৭ তারিখ বৃষ্টি হয়ে যাওয়ার পর বৃষ্টিপাতের ক্ষেত্রে একটি সাময়িক বিরতি আসতে পারে। কিন্তু একাবারে বৃষ্টিহীন হয়ে যাবে, তা কিন্তু নয়। এখন যেহেতু মার্চ মাস, তাই দেশের বিভিন্ন জায়গায় অল্প সময়ের বৃষ্টি হবে। যেখানেই বৃষ্টি হবে, সেখানে এটি আধ ঘণ্টা বা এক ঘণ্টার মাঝে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাত হতে পারে।’
একটানা বৃষ্টি কোথাও হবে না জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু কোথায় কোথায় সাময়িক বৃষ্টি হবে, তা এত আগে বলা মুশকিল। কারণ প্রতিদিনই দৈনন্দিন পূর্বাভাসে কিছু না কিছু পরিবর্তন হয়।’
এই আবহাওয়াবিদ জানান, ঈদের এই সময়ে খুব বেশি বাতাস হওয়ার সম্ভাবনা নেই। বলেন, ‘৬০ বা ৭০ কিলোমিটার বেগে বাতাস হবে, এমনটা নয়। ৪০ বা ৫০ কিলোমিটার বেগে বাতাস হতে পারে। সাথে কোথাও বিজলি চমকাতে পারে, বজ্রপাতের মতো ঘটনা ঘটতে পারে।’
মন্তব্য করুন
