শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে ঈদ কবে, যা জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১১:২০ এএম আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১১:২৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নির্ধারণের জন্য আগামী ১৯ মার্চ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ওইদিন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে দেশের আকাশে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে ঈদের তারিখ সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

এদিকে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী চলতি বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ আকাশে নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই।

তার ভাষ্য অনুযায়ী, ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের উদয় ঘটবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে।

আকাশ পরিষ্কার থাকলে ওই সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাস শুরু হওয়ার এবং ওই দিনই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপনের সম্ভাবনা সবচেয়ে বেশি।

আল জারওয়ান আশা প্রকাশ করেছেন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এই হিসাব-নিকাশের ভিত্তিতে বিশ্বের অনেক মুসলিম দেশ এবার একই দিনে ঈদ উদযাপনের বিষয়ে একমত হতে পারে।

তবে ধর্মীয় বিধান অনুযায়ী প্রতিটি দেশের নিজস্ব চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই শেষ পর্যন্ত কার্যকর হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়ে থাকে।

সেই ধারাবাহিকতায় যদি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ ঈদ উদযাপিত হয়, তাহলে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর পালনের সম্ভাবনা রয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ ধরে ২১ মার্চকে সামনে রেখে ছুটির ক্যালেন্ডার প্রস্তুত করেছিল। জ্যোতির্বিজ্ঞানীদের সাম্প্রতিক পূর্বাভাসও সেই সম্ভাবনার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন