

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) পেজটি অননুমোদিতভাবে নিয়ন্ত্রণে নিয়ে সেখানে একাধিক অনলাইন জুয়ার বিজ্ঞাপন পোস্ট করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিষয়টিকে পরিকল্পিত সাইবার হামলা উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেজটি সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে প্রতিমন্ত্রীর ফেসবুক পেজ থেকে ধারাবাহিকভাবে কয়েকটি অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রকাশিত হয়। প্রথম দফার পোস্টগুলো সরিয়ে ফেলার পরও কিছু সময়ের ব্যবধানে একই ধরনের আরও কয়েকটি পোস্ট প্রকাশ করা হয়।
পরে পেজটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় দেওয়া এক বিবৃতিতে বলা হয়, একটি চক্র পরিকল্পিতভাবে আমিনুল হকের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে পেজ থেকে প্রকাশিত কোনো বিভ্রান্তিকর বা অসঙ্গতিপূর্ণ পোস্টকে সত্য হিসেবে গ্রহণ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এসব পোস্টের দায় প্রতিমন্ত্রীর নয় বলেও উল্লেখ করা হয়।
জানানো হয়েছে, পেজটি পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে পরবর্তী তথ্য জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
