

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের শুরুটা হয়েছে জয় দিয়ে। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টার মিলানের বিপক্ষে ২–১ গোলের এই জয়কে স্বস্তির জয় বলা কঠিন। বরং ম্যাচের বড় একটা সময় রিয়ালকে সামলাতে হয়েছে ইন্টারের আক্রমণ, বিশেষ করে দ্বিতীয়ার্ধে।
ম্যাচের শুরুতেই রিয়ালকে চাপে ফেলে ইন্টার। তৃতীয় মিনিটে মার্কোস থুরামের হাফ ভলি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। এরপর হাকান চালহানোলুর ফ্রি-কিকও রিয়ালের গোলরক্ষককে ব্যস্ত রাখে। প্রথম ২০ মিনিটে বলের দখল ও আক্রমণের ধার—দুই দিক থেকেই এগিয়ে ছিল সফরকারীরা।
কিন্তু ফুটবলের হিসাব সব সময় দখল বা আক্রমণের সংখ্যায় মেলে না। রিয়াল সেটাই দেখিয়েছে সুযোগের সদ্ব্যবহার করে।১৪ মিনিটে ইয়ান বিসেকের ভুলে বল পেয়ে যান ব্রাহিম দিয়াজ। দ্রুত তিনি বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পের দিকে। ফরাসি তারকা কোনো ভুল করেননি। ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে। রিয়াল এগিয়ে যায় ১–০ গোলে।
এর নয় মিনিট পর আরেকটি ভুল ইন্টারকে আরও বড় বিপদে ফেলে। বেনজামিন পাভারের ব্যাকপাস ধরে গোলরক্ষক জোসেপ মার্তিনেজ বল পায়ে কিছুটা বেশি সময় নেন। চাপ তৈরি করে ফেদেরিকো ভালভার্দে বল কেড়ে নেন। সেখান থেকেই রিয়াল পেয়ে যায় দ্বিতীয় গোল। লক্ষ্যে রিয়ালের মাত্র একটি শট ছিল, অথচ তারা তখন ২–০ ব্যবধানে এগিয়ে!
দুই গোলে পিছিয়েও ইন্টার আক্রমণ বন্ধ করেনি। কার্টিস জোন্সের শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষদিকে রিয়ালও তৃতীয় গোলের সুযোগ পেয়েছিল। এমবাপ্পে, জুড বেলিংহাম ও ব্রাহিম দিয়াজের সমন্বয়ে তৈরি সেই সুযোগ শেষ পর্যন্ত কাজে লাগেনি।
বিরতির পর ইন্টারের আধিপত্য আরও স্পষ্ট হয়। একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। জোন্সের শট কোর্তোয়া ঠেকিয়ে দেন। থুরামও সুযোগ পেয়েছিলেন, কিন্তু গোল করতে পারেননি। লাউতারো মার্তিনেজের কাছেও আসে সুযোগ।
শেষ পর্যন্ত ম্যাচের ৭৭ মিনিটে কাঙ্খিত সাফল্য আসে ইন্টারের। লাউতারো মার্তিনেজের বাড়ানো বল পেয়ে কার্লোস অগুস্তো শট নেন। বল জড়িয়ে যায় রিয়ালের জালে। ব্যবধান কমে আসে ২–১-এ।
এরপর সমতায় ফেরার লক্ষ্যে আরও বেশ কয়েক আক্রমণ চালায় ইন্টার। ৮৯ মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের শট ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন কর্তোয়া। শেষ পর্যন্ত আর গোল হয়নি। ২–১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
তিন পয়েন্ট পাওয়া গেছে, ইউরোপীয় অভিযানের শুরুটাও হয়েছে জয় দিয়ে। তবে ম্যাচের পরিসংখ্যান ও মাঠের চিত্র বলছে, রিয়ালের কাজ এখনো অনেক বাকি। ইন্টারের ভুল কাজে লাগিয়ে জয় পাওয়া গেছে ঠিকই, কিন্তু প্রতিপক্ষের চাপ সামলানোর ধরন নিয়ে সন্তুষ্ট হওয়ার সুযোগ খুব বেশি নেই।

