মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে নতুন জার্সি পেল বাংলাদেশ, দাম কত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম
ছবি : সংগৃহীত।
expand

গত মাসেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি উন্মোচনের কথা ছিল। নানা কারণে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেখা মিলল নতুন জার্সির।

এদিন জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জার্সিটি উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

হোম জার্সিটি সাদা রঙের। তবে এতে সব ডিটেইল লাল রঙের। অ্যাওয়ে জার্সিটি সবুজ, সেখানেও ডিটেইল লাল রঙের। দুই জার্সিতেই দেশীয় সংস্কৃতির টেক্সচার রয়েছে।

নতুন জার্সিটি কিনতে আগের তুলনায় কিছুটা বেশি খরচ করতে হবে। অফিসিয়াল জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। আর খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বরসহ সংস্করণটির দাম পড়বে ১ হাজার ৭০০ টাকা।

জার্সির তুলনামূলক বেশি দাম নিয়ে ব্যাখ্যা দিয়েছেন জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদ আলম। তার দাবি, আগের তুলনায় এবার জার্সির কাপড়ের মান উন্নত করা হয়েছে। পাশাপাশি জার্সি তৈরি, বিপণন এবং দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে উল্লেখযোগ্য খরচ হচ্ছে। এসব কারণেই নতুন জার্সির দাম কিছুটা বেশি রাখা হয়েছে।

জার্সি বিক্রি থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও উল্লেখযোগ্য পরিমাণ রয়্যালটি পাবে বলে জানিয়েছেন আবিদ। তবে ঠিক কত টাকা বা কত শতাংশ রয়্যালটি দেওয়া হবে, তা জানাননি তিনি।

তবে যারা তুলনামূলক কম দামে জার্সি কিনতে চান, তাদের জন্য থাকছে ফ্যান সংস্করণ। এর দাম রাখা হয়েছে ৭০০ টাকা, যা আগের সংস্করণের সমান। তবে আবিদ জানিয়েছেন, এই সংস্করণের দাম সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

জার্সিটি এখনো ব্যাপকভাবে বাজারে ছাড়া হয়নি। এর মধ্যেই অবশ্য চাহিদার আভাস পাওয়া গেছে। আবিদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ইতিমধ্যে জার্সির অর্ডার দিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রবি ও বাংলালিংকও। করপোরেট ক্রেতাদের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জার্সির অর্ডার এসেছে। মজার বিষয়, কিছু প্রতিষ্ঠান নতুন নকশা দেখার আগেই জার্সির অর্ডার দিয়ে দিয়েছিল।

সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার জার্সি বিক্রি হয়েছে বলেও জানিয়েছেন আবিদ। তবে সঠিক সংখ্যাটি তিনি নিশ্চিত করতে পারেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank