মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ বছরেই অবসরের ঘোষণা দিলেন বার্সায় মেসির সাবেক সতীর্থ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে বেশ কয়েকটি চমৎকার মৌসুম কাটানো স্প্যানিশ উইঙ্গার ক্রিস্টিয়ান তেলো ৩৫ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় আনুষ্ঠানিকভাবে অবসরের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন তিনি। ছয় দেশের ক্লাবে ৫১২ ম্যাচ খেলেছেন লা মাসিয়ার এই গ্র্যাজুয়েট।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে খেলা তেলো ৫৯ ম্যাচে ১১ গোল করেছেন। কাতালানদের হয়ে তিনি জিতেছেন এক লা লিগাসহ ৩টি ট্রফি। তেলোর ক্যারিয়ারে মেসির অবদান ছিল বেশ। লা লিগায় তার প্রথম গোলটি এসেছিল মেসির থ্রু পাস থেকে, এমনকি কোপা দেল রেতে তার প্রথম হ্যাটট্রিকের তিনটি গোলের রূপকারও ছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

বার্সেলোনার জার্সিতে নিজের পরিচয় জানান দেয়া তেলো পরবর্তীতে রিয়াল বেতিস, পোর্তো, ফিওরেন্তিনা, লস অ্যাঞ্জেলস এফসির মতো খ্যাতনামা ক্লাবে খেলেছেন। মাঝে সৌদি আরবের আল ফাতেহ ও আল ওবোরাহতে খেলে ২০২৫ সালের অক্টোবরে যোগ দেন সংযুক্ত আরব আমিরাতের ‘পাম সিটি এফসি’-তে, সেখানেই নিজের ফুটবল অধ্যায়ের ইতি টানলেন তিনি।

সংবাদমাধ্যম গোলডটকম জানিয়েছে, গত রোববার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানান এই উইঙ্গার। বিদায় বেলায় পেশাদার ফুটবলের দীর্ঘ যাত্রার নানান উত্থান-পতন স্মরণ করে পরিবার, সতীর্থ, কোচ, ক্লাব কর্মকর্তা, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তেলো।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আমার জীবনের একটি অংশকে বিদায় বলার সময় আজ। অনেক বছর, অনেক ম্যাচ, অনেক ড্রেসিংরুম, অনেক আনন্দ ও কঠিন মুহূর্তের পর পেশাদার ফুটবলে ইতি টানার সময় হয়েছে। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। যে স্বপ্নগুলো পূরণ অসম্ভব মনে হচ্ছিল, সেগুলোই বাস্তব হয়েছে। যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের আজীবন মনে থাকবে এবং যে অভিজ্ঞতা হয়েছে আমার স্মৃতিতে অমলিন থেকে যাবে।’

তিনি বলেন, ‘আমি এমন কিছু জার্সি পরার সৌভাগ্য লাভ করেছি যা আমার কাছে সবকিছুর চেয়ে মূল্যবান এবং এই যাত্রাপথটি সতীর্থ, কোচ, ক্লাব কর্মকর্তা, বন্ধু এবং সর্বোপরি আমার পরিবারের সাথে ভাগ করে নিতে পেরেছি। পেশাদার ফুটবলার হিসেবে আমার সময় শেষ হয়েছে আজ। কিন্তু ফুটবল আমাকে যা শিখিয়েছে, তা আমার সঙ্গে থাকবে আজীবন। ফুটবল, তোমাকে ধন্যবাদ।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank