শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জয়ের পরই স্পেনকে বিদায় বললেন লরেন্তে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ এএম
ছবি: সংগৃহীত
expand

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কোস লরেন্তে। ৩১ বছর বয়সী অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, স্পেনের জার্সিতে আর মাঠে নামবেন না তিনি।

লরেন্তে জানান, জাতীয় দল নিয়ে দীর্ঘদিন ভাবার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার আন্তর্জাতিক অধ্যায় এখানেই শেষ করার সিদ্ধান্তটি ছিল পুরোপুরি ব্যক্তিগত এবং ভেবেচিন্তে নেওয়া।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে স্পেনের শিরোপাজয়ী দলের অংশ ছিলেন লরেন্তে। রাইট-ব্যাক পজিশনে টটেনহ্যামের পেদ্রো পোরোর বিকল্প হিসেবে দলে ছিলেন তিনি। গ্রুপ পর্বে দুটি ম্যাচে শুরুর একাদশে জায়গা পেলেও পরের দিকে তার মাঠে নামার সুযোগ কমে আসে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের শেষদিকে মাঠে নেমেছিলেন তিনি।

বিশ্বকাপ ট্রফি হাতে নিজের ছবি প্রকাশ করে লরেন্তে জানান, বয়স ও পারফরম্যান্স বিবেচনায় চাইলে জাতীয় দলের হয়ে আরও কয়েক বছর খেলার সুযোগ তার ছিল। তারপরও তিনি মনে করেছেন, সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়।

নিজের সিদ্ধান্ত যে অনেকের কাছে অপ্রত্যাশিত মনে হতে পারে, সেটিও স্বীকার করেছেন লরেন্তে। তার মতে, বাইরে থেকে দেখলে এমন সিদ্ধান্তের কারণ সহজে বোঝা কঠিন। তবে বিষয়টি নিয়ে তিনি দীর্ঘ সময় চিন্তা করেই সিদ্ধান্তে পৌঁছেছেন।

স্পেনের হয়ে প্রায় ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭টি ম্যাচ খেলেছেন লরেন্তে। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া কিংবা শেষ পর্যন্ত শিরোপা জেতার ঘটনা তার অবসর সিদ্ধান্তকে প্রভাবিত করেনি বলেও স্পষ্ট করেছেন তিনি। তার ভাষ্য, বিশ্বকাপে খেলতেন কি না কিংবা দল চ্যাম্পিয়ন হতো কি না—সেটি যা-ই হোক, এর আগেই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন।

স্পেনের জার্সিতে কাটানো সময়ের স্মৃতিকে বিশেষভাবে মনে রাখবেন বলেও জানিয়েছেন তিনি। তবে সবচেয়ে বেশি মনে থাকবে বিশ্বকাপের শেষ ৫২ দিন। তার মতে, অসাধারণ একটি দলের সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেশের জন্য লড়াই করার অভিজ্ঞতা তার ক্যারিয়ারের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে।

রিয়াল মাদ্রিদে পেশাদার ক্যারিয়ার শুরু করা লরেন্তে ২০১৯ সালে যোগ দেন নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদে। ক্লাব ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ ও একটি লা লিগা শিরোপা। এবার বিশ্বকাপ জয়ের পর স্পেনের জার্সি তুলে রাখার সিদ্ধান্তের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারেও ইতি টানলেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank