শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অক্ষয়ের ১৭ চড়ে ফুলে গিয়েছিল আমিরের গাল, কী হয়েছিল

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

বলিউডের জনপ্রিয় সিনেমাগুলোর তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছে ‘দিল চাহাতা হে’। ফারহান আখতারের পরিচালনায় নির্মিত সিনেমাটি মুক্তির প্রায় ২৫ বছর পরও দর্শকের কাছে সমানভাবে আলোচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির শুটিংয়ের সময়কার একটি মজার ও কঠিন অভিজ্ঞতার কথা জানিয়েছেন পরিচালক।

ফারহান জানান, একটি দৃশ্যকে আরও স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য করে তুলতে অক্ষয় খান্নাকে সত্যিই আমির খানকে চড় মারতে হয়েছিল। দৃশ্যটি এমনভাবে ধারণ করা হয়েছিল যে সেখানে উপস্থিত সাইফ আলি খানও প্রথমে বুঝতে পারেননি, চড়টি অভিনয়ের অংশ নাকি সত্যিই ঘটছে।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের আগেই আমিরকে জানানো হয়েছিল যে অক্ষয় তাকে সত্যিকারের চড় দেবেন। বিষয়টিতে আমিরও সম্মতি দিয়েছিলেন। তবে চিত্রনাট্য অনুযায়ী সংলাপ শেষ হওয়ার পর চড় দেওয়ার কথা থাকলেও ফারহান অক্ষয়কে ভিন্নভাবে নির্দেশ দেন। তার পরিকল্পনা ছিল, সংলাপ চলার মধ্যেই হঠাৎ চড় দেওয়া হলে আমিরের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াটি ক্যামেরায় আরও ভালোভাবে ধরা পড়বে।

প্রথম চড়ে আমির খান কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেও দৃশ্যটি ঠিকঠাক না হওয়া পর্যন্ত বারবার শট দিতে রাজি ছিলেন। কিন্তু চড়ের আঘাত এতটাই জোরালো ছিল যে প্রথম শটের পরই তার গাল লাল হয়ে ফুলে ওঠে। এরপর একই দৃশ্যের জন্য একের পর এক মোট ১৭টি টেক নেওয়া হয়। এতবার চড় খাওয়ার পর আমিরের মুখের এক পাশে স্পষ্ট দাগও পড়ে যায় বলে জানান ফারহান আখতার।

সিনেমাটির শুটিংয়ে এমন আরেকটি চড়ের দৃশ্যও ছিল। সেখানে অভিনেত্রী ও মডেল সুচিত্রা পিল্লাইয়ের হাতে চড় খেতে হয়েছিল সাইফ আলি খানকে। শুরুতে দৃশ্যটি নিয়ে সুচিত্রার কিছুটা দ্বিধা থাকলেও পরিচালকের নির্দেশ মেনে শেষ পর্যন্ত তিনি সাইফকে তিনবার চড় মেরেছিলেন।

‘দিল চাহাতা হে’র শুটিংয়ের এসব ঘটনা সিনেমাটির নির্মাণপর্বের পেছনের নানা মজার ও অপ্রচলিত অভিজ্ঞতারই একটি অংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank