শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে ৪০ হাজার ইয়াবা এনে কক্সবাজারে আটক যুবক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ এএম
ছবি: প্রতিনিধি
expand

মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান নিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় প্রবেশের পর বিজিবির হাতে আটক হয়েছেন মো. কামাল (৩৩) নামে এক যুবক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা চারটি কার্টন থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

আটক মো. কামাল উখিয়ার বালুখালী জমিদারপাড়া এলাকার কবির আহমেদের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি পালংখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরীর চাচাতো ভাই।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাটাপাহাড় শাহজাহানের ঘের এলাকায় অবস্থান নেয়।

একপর্যায়ে, মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। পরে বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টহল দলের সদস্যরা তাকে আটক করেন।

পরে তার হাতে থাকা কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চারটি কার্টন পাওয়া যায়। এসব কার্টন থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, কামালের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা ফোরকান চৌধুরীর এক ভাইও ছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান বলে সূত্রগুলো দাবি করেছে। এ বিষয়ে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

কামালের সঙ্গে ফোরকান চৌধুরীর আত্মীয়তার বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

বিজিবি জানিয়েছে, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank