রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাল সিটির কাছে ইউনাইটেডের লজ্জার হার, ইতিহাস গড়ল ‘দ্য টাইগার্স’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৯ মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে হাল সিটি। আর এসেই চমক দেখিয়েছে দলটি। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ‘দ্য টাইগার্সরা’।

শনিবার (২২ আগস্ট) প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে তারা। প্রিমিয়ার লিগের ইতিহাসে ইউনাইটেডের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়।

ম্যাচের শুরুতে অবশ্য প্রথম সুযোগ পেয়েছিল ইউনাইটেড। ১৩তম মিনিটে ভালো জায়গা থেকে শট নিয়েছিলেন ব্রায়ান এমবুমো। কিন্তু তার শট গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি।

দুই মিনিট পর হাল সিটিরও সুযোগ এসেছিল। সেটি কাজে লাগাতে না পারলেও অল্প সময় পরই এগিয়ে যায় স্বাগতিকেরা। ১৭তম মিনিটে কর্নার থেকে ওলি ম্যাকবার্নির নেওয়া শট গোলরক্ষকের গায়ে লেগে পোস্টে প্রতিহত হয়। ফিরতি বলে খুব কাছ থেকে জালে পাঠান আজায়ি।

গোল হজমের পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইউনাইটেড। ২৯তম মিনিটে হ্যারি ম্যাগুইয়ারের নিখুঁত ক্রস পেয়েও দূরের পোস্টে বল রাখতে পারেননি প্যাট্রিক ডগু।

এরপর ৩৬তম মিনিটে আবারও সুযোগ তৈরি করে ইউনাইটেড। এমবুমের শট নোবেল মদির গায়ে লেগে পোস্ট ঘেষে বাইরে চলে যায়। সেই আক্রমণের পর মাত্র দুই মিনিটের ব্যবধানেই ব্যবধান বাড়িয়ে দেয় হাল।

৩৮তম মিনিটে রিগ্যান স্ল্যাটারের ফ্রি-কিক থেকে দারুণ হেডে গোল করেন মদি। দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ইউনাইটেডকে।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। বলের দখল ও আক্রমণের চেষ্টা বাড়ালেও হালের জমাট রক্ষণ ভাঙার মতো ধারাবাহিক সুযোগ তৈরি করতে পারেনি তারা। বরং দ্রুত পাল্টা আক্রমণে স্বাগতিকেরাই বারবার বিপদ তৈরি করেছে।

৭৩তম মিনিটে অল্পের জন্য তৃতীয় গোলটি পাওয়া হয়নি হালের। কোডি ড্রেমের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৭৮তম মিনিটে এমবুমের শট ঠেকিয়ে ইউনাইটেডের শেষ আশাটুকুও নষ্ট করে দেন হালের গোলরক্ষক।

শেষ দিকে পাঁচ ডিফেন্ডার নিয়ে নিজেদের রক্ষণ আরও শক্ত করে হাল। অন্যদিকে গোলের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যায় ইউনাইডেট। তবে ব্রুনো ফার্নান্দেস, মার্কাস রাশফোর্ডদের একের পর এক ব্যর্থতায় শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ‘রেড ডেভিলদের’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন