রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের জায়গায় ফিফার আসিয়ান কাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৬:৫৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে আয়োজিত হতে যাওয়া আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে ফিফা ও আয়োজকদের আনুষ্ঠানিক স্বীকৃতিও পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আসিয়ান কাপে শুরুতে বাংলাদেশের জায়গা ছিল না। ‘এ’ গ্রুপে খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেপ্টেম্বরের আন্তর্জাতিক সূচিতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থাকায় টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ভারত। এরপর তাদের জায়গায় বাংলাদেশকে খেলার প্রস্তাব দেয় ফিফা।

ফিফার পক্ষ থেকে আগ্রহের কথা জানানো হলে গত শুক্রবার জরুরি সভায় বসে বাফুফের জাতীয় দল কমিটি। সভায় টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়। এরপর অপেক্ষা ছিল ফিফা ও আয়োজকদের আনুষ্ঠানিক অনুমোদনের। সেই অনুমোদন পাওয়ার পর বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আর কোনো সংশয় থাকল না।

বাফুফের জন্য টুর্নামেন্টটি আরও আকর্ষণীয় হওয়ার কারণ, বাংলাদেশকে এই প্রতিযোগিতায় অংশ নিতে কোনো অর্থ খরচ করতে হবে না। জাতীয় দলের কোচ থমাস ডুলি হোমে শুরুতে টুর্নামেন্টটিতে খেলার আগ্রহ দেখিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনিও আসিয়ান কাপে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দেন।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। ভারত সরে যাওয়ায় বাংলাদেশ তাদের জায়গাতেই ‘এ’ গ্রুপে খেলবে বলে জানা গেছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

ফলে টুর্নামেন্টের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। তবে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ জাতীয় দলের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি নিজেদের সামর্থ্য যাচাইয়েরও বড় সুযোগ।

আসিয়ান কাপে শুধু মাঠের লড়াই নয়, থাকছে আকর্ষণীয় আর্থিক পুরস্কারও। চ্যাম্পিয়ন দল বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা প্রাইজমানি পাবে। সেমিফাইনালে ওঠার পাশাপাশি ম্যাচ জিতলেও রয়েছে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন