শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের ইঙ্গিত দিলেন দি মারিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে ২০২৪ সালেই বিদায় জানিয়েছেন আনহেল দি মারিয়া। ক্যারিয়ারের দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পরেই। গত বছর ইউরোপ অধ্যায় চুকিয়ে ‘ঘরের ছেলে’ হয়ে ফেরেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে।

ক্যারিয়ারের শেষটা এখানেই রাঙাতে চান দি মারিয়া। সেই সময়টা এসেছে বলে মনে করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার। বুটজোড়া তুলে রাখার বিষয়ে নির্দিষ্ট করে কোনো কিছু না জানালেও ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর দ্বিতীয় লেগে করিন্থিয়ান্সের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এমনটিই জানান রোজারিও সেন্ট্রালের অধিনায়ক। ম্যাচ শেষে ইএসপিএনকে দি মারিয়া বলেন, ‘এটা খুব কঠিন একটা মুহূর্ত, সত্যিই কঠিন এক সময়। কারণ আমার স্বপ্নটা অন্যরকম ছিল, ইচ্ছে ছিল আরও এগিয়ে যাওয়ার। কিন্তু ফুটবল খেলাটাই এমন।

এখন আমাকে ভাবতে হবে এবং দেখতে হবে সামনে কী করতে চাই।’

করিন্থিয়ান্সের বিপক্ষে জিততে না পারার আক্ষেপও প্রকাশ করেছেন দি মারিয়া। ফক্স স্পোর্টসকে রিয়াল মাদ্রিদ-পিএসজির সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, ‘আমাদের গোল করার সুযোগ ছিল, কিন্তু আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম ম্যাচটা তেমন হয়নি। আমরা অনেক লড়াই করেছি, কিন্তু যেসব সুযোগ পেয়েছিলাম সেগুলো গোলে পরিণত করতে পারিনি। প্রথম লেগেই আমরা পার্থক্য গড়তে পারতাম।

কিন্তু ফুটবল খেলাটাই এমন। এখন তারা একজন খেলোয়াড় কম নিয়েও আমাদের বিপক্ষে গোল করল... মাঝে মাঝে সবকিছু নিজের মনের মতো হয় না, আর আজ আমাদের সঙ্গে ঠিক সেটাই ঘটেছে।’ ম্যাচের ৮০ মিনিটে ব্রেনো বিদনোর গোলে জয় পায় করিন্থিয়ান্স। অথচ, ৫৮ মিনিটে রানিয়েলে লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয়েছিল ব্রাজিলের ক্লাবটি। কিন্তু প্রতিপক্ষকে বাগে পেয়েও জিততে পারেনি রোজারিও সেন্ট্রাল।

সেই যাই হোক বিদায়ের ইঙ্গিত দিলেও গত জুনে চুক্তির মেয়াদ বাড়ান দি মারিয়া। যার মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত আছে। তবে ১৮ বছরের ইউরোপ অধ্যায় শেষে ঘরের ক্লাবে ফিরে এখন পর্যন্ত ৪৩ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন তিনি। সঙ্গে ৭ গোলে অ্যাসিস্ট করেছেন ৩৮ বছর বয়সী উইঙ্গার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank