

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছুটি শেষে আতলেতিকো মাদ্রিদে ফিরেছেন হুলিয়ান আলভারেজ। কিন্তু ক্লাবে ফিরলেও তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের লক্ষ্য এখনো বার্সেলোনায় যাওয়া। গতকাল নিজের প্রতিনিধিদের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময়ের বৈঠকে সেই ইচ্ছার কথাই আবার স্পষ্ট করেছেন তিনি।
বার্সেলোনায় খেলার স্বপ্ন আলভারেজের পুরোনো। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সার নতুন প্রকল্পে নিজেকে দেখতে চান আর্জেন্টাইন তারকা। কয়েক মাস আগে কাতালান ক্লাবটি তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করলে সেই আকাঙ্ক্ষা আরও জোরালো হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, আলভারেজ ও তার প্রতিনিধিদের বৈঠকে সম্ভাব্য দলবদলের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। কীভাবে অ্যাথলেটিকোকে আলোচনায় বসানো যায় এবং শেষ পর্যন্ত দলবদলের পথ তৈরি করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।
তবে আলভারেজের বার্সা-স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা অ্যাথলেটিকোর অবস্থান। গত মে মাসের শেষ দিকে আলভারেজকে পেতে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু সেটি প্রত্যাখ্যান করে মাদ্রিদের ক্লাবটি। তারা জানায়, চুক্তিতে থাকা ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ না করলে আলভারেজকে ছাড়ার প্রশ্নই আসে না।
এদিকে মাদ্রিদে ফেরার পর ক্লাব কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার ইচ্ছা ছিল আলভারেজের। নিজের অবস্থান তাদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। কিন্তু ক্লাবের কর্মকর্তারা মনে করছেন, এ বিষয়ে আলভারেজের সঙ্গে আলাদা করে আলোচনার প্রয়োজন নেই। ফলে গতকাল সেই বৈঠকও হয়নি।
এখন আলভারেজ বার্সেলোনায় যেতে চান এবং বার্সাও তাকে দলে পেতে আগ্রহী—দুই পক্ষের ইচ্ছা পরিষ্কার। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে অ্যাথলেটিকো মাদ্রিদের ওপর।
তবে পরিস্থিতি জটিল হলেও ক্লাব ছাড়ার জন্য কোনো ধরনের প্রকাশ্য বিরোধে যেতে চান না আলভারেজ। ক্লাবে ফিরে পেশাদার আচরণ বজায় রেখেই নিজের ভবিষ্যৎ নিয়ে সমাধানে পৌঁছাতে চান তিনি।

