সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রদ্রির বিকল্প খুঁজছে সিটি, নজরে দুই আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চলতি দলবদলের বাজারে বড়সড় চমক নিয়ে হাজির হয়েছে ম্যানচেস্টার সিটি। লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক যোগাযোগ করেছে ইংলিশ ক্লাবটি।

সিটির এই আগ্রহের পেছনে মূল কারণ রদ্রির ভবিষ্যৎ। স্প্যানিশ এই মিডফিল্ডার বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী বলে গুঞ্জন রয়েছে। সম্ভাব্য সেই বিদায়ের কথা মাথায় রেখে মাঝমাঠ পুনর্গঠনের পরিকল্পনা করছে সিটি। আর সেই পরিকল্পনায় ম্যাক অ্যালিস্টারকে রাখা হয়েছে পছন্দের তালিকার ওপরের দিকে।

ক্রীড়া সাংবাদিক ম্যাট থিয়েলেনের তথ্য অনুযায়ী, রদ্রি ইতিহাদ ছাড়লে তাঁর জায়গা পূরণের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিশ্বকাপজয়ী ম্যাক অ্যালিস্টার অন্যতম প্রধান নাম।

তবে তাকে পেতে সহজ হবে না সিটির পথ। দ্য অ্যাথলেটিকের সাংবাদিক জেমস পিয়ার্সের দাবি, লিভারপুল তাদের গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারকে ছাড়ার ব্যাপারে আগ্রহী নয়। বড় অঙ্কের প্রস্তাব না এলে এই দলবদলেই ম্যাক অ্যালিস্টারের অ্যানফিল্ড ছাড়ার সম্ভাবনা খুব কম।

লিভারপুলের সঙ্গে ম্যাক অ্যালিস্টারের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। নতুন কোচ আন্দোনি ইরাওলাও তাঁকে দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখতে চান। এরই মধ্যে তাঁর সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে ক্লাবটি।

রদ্রির সম্ভাব্য বিকল্প হিসেবে অবশ্য শুধু ম্যাক অ্যালিস্টারকেই দেখছে না সিটি। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও তাদের নজরে রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে ম্যাক অ্যালিস্টারের প্রতিনিধিদের সঙ্গে সিটির প্রাথমিক যোগাযোগই আপাতত সবচেয়ে আলোচিত বিষয়। রদ্রিকে ঘিরে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে সিটির এই পদক্ষেপ ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের বাজারে নতুন উত্তেজনা তৈরি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন