

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর হাতে আটক হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার মাতিয়াস পুররাইন।
বৈধ ওয়ার্ক পারমিট এবং স্থায়ী বসবাসের অনুমতির আবেদন চলমান থাকা সত্ত্বেও তাকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার ও ক্লাব।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মিয়ামি থেকে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইট ধরতে ফোর্ট লডারডেল বিমানবন্দরে গেলে তাকে আটক করা হয়। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে দলের সঙ্গে যাওয়ার কথা ছিল তার।
পুররাইনের ভাই হুয়ান পুররাইন আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে জানান, কর্তৃপক্ষ প্রথমে তাকে কয়েক মিনিটের জন্য নিয়ে যাওয়ার কথা বললেও পরে আর ফিরিয়ে দেয়নি।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তার ক্লাব ক্লাব দে লিয়ন এফসি। ক্লাবটির দাবি, পুররাইন যুক্তরাষ্ট্রে প্রবেশ বা দেশত্যাগের চেষ্টা করছিলেন না; তিনি কেবল দেশের ভেতরে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করছিলেন। বৈধ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর গত সাত বছর ধরে তিনি দেশটিতে বসবাস করছেন, নিয়মিত কাজ করছেন এবং কর পরিশোধ করছেন বলেও জানায় ক্লাবটি।
ক্লাবের ভাষ্য, তিনি কোনো অপরাধী নন।
পরিবারের দাবি, পুররাইনের সব অভিবাসনসংক্রান্ত কাগজপত্র বৈধ। তার স্থায়ী বসবাসের অনুমতির আবেদন প্রক্রিয়াধীন ছিল এবং সাক্ষাৎকারের অপেক্ষায় ছিলেন তিনি। এ ঘটনার পর একই ধরনের আশঙ্কায় দলের আরও কয়েকজন খেলোয়াড় ভ্রমণ বাতিল করেছেন বলে জানিয়েছেন তার ভাই।
পুররাইনের আইনজীবী রেজিনা বোর্হেস জানান, তিনি পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। পরে বৈধভাবে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। বর্তমানে তিনি ক্লাবের হয়ে খেলছেন এবং একাডেমিতেও কাজ করছেন।
আইনজীবীর দাবি, আটকের পর পুররাইন মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরিবারের সঙ্গে কথা বলার জন্য তাকে মাত্র এক মিনিট সময় দেওয়া হয়েছিল। বর্তমানে তাকে একটি প্রসেসিং সেন্টারে রাখা হয়েছে, যেখানে বিভিন্ন মামলায় আটক ব্যক্তিদের রাখা হয়।
বিমানবন্দরে সাম্প্রতিক আটকের ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়ে বোর্হেস বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ভ্রমণের সময় এ ধরনের অভিযান নতুন এবং এর আগে তিনি এমন পরিস্থিতি দেখেননি। কোনো অপরাধে জড়িত না থেকেও কেবল দেশের ভেতরে ভ্রমণের সময় মানুষকে আটক করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
৩৪ বছর বয়সী মাতিয়াস পুররাইন বর্তমানে যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের ফুটবল লিগ NISA-এর ক্লাব ক্লাব দে লিয়ন এফসি-র মিডফিল্ডার হিসেবে খেলছেন। পাশাপাশি তিনি Showtime FC-এর হয়ে Baller League-এও অংশ নিচ্ছেন।