শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১০:২৬ এএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
expand
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে আবারও নিজের অসাধারণ সামর্থ্যের প্রমাণ দিয়েছেন লিওনেল মেসি। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি ছিলেন দলের অন্যতম প্রধান ভরসা। তবে ২০২৮ কোপা আমেরিকায় বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে তাকে দেখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনও অমীমাংসিত।

এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, জাতীয় দলে ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ মেসির ব্যক্তিগত বিষয়। এ নিয়ে তার ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করতে চায় না আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, 'এটি পুরোপুরি লিওর সিদ্ধান্ত। আমরা চাই সে স্বস্তিতে থাকুক। বিশ্বকাপে সে অসাধারণ খেলেছে এবং আমরা তার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই আসরেও সে দলের প্রকৃত নেতা ছিল, যেমনটি আগের প্রতিটি বড় টুর্নামেন্টে ছিল।'

লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার সাফল্যে মেসির অবদানও বিশেষভাবে তুলে ধরেন তাপিয়া। তার ভাষ্য, স্কালোনির আমলে দলটি পাঁচটি ফাইনাল খেলেছে, যার মধ্যে চারটিতেই শিরোপা জিতেছে। ১০৩ ম্যাচে আর্জেন্টিনার রেকর্ড ৭৬ জয়, ১৯ ড্র ও মাত্র ৮ হার। ২০২২ থেকে ২০২৬ বিশ্বকাপের মধ্যে দলটি হেরেছে মাত্র দুটি ম্যাচ-একটি সৌদি আরবের বিপক্ষে এবং অন্যটি স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে।

বিশ্বকাপ ফাইনালেও মেসিকেই সেরা খেলোয়াড় বলে মনে করেন তাপিয়া। তিনি বলেন, 'পুরো টুর্নামেন্ট বিশ্লেষণ করলে আমার কাছে ফাইনালের সেরা খেলোয়াড় ছিল লিও। সে ম্যাচের পর ম্যাচ নতুন রেকর্ড গড়েছে এবং দলের নেতৃত্ব দিয়েছে।'

পরিসংখ্যানও মেসির প্রভাবের সাক্ষ্য দেয়। ২০১৮ সালে স্কালোনি কোচ হওয়ার পর আর্জেন্টিনা ১৯০টি গোল করেছে। এর মধ্যে মেসির অবদান ৮৬টি-৬০ গোল ও ২৬ অ্যাসিস্ট। গোলদাতাদের তালিকায় তার পরেই রয়েছেন লাউতারো মার্তিনেজ, যার গোল ৪০টি। তৃতীয় স্থানে থাকা হুলিয়ান আলভারেজ করেছেন ১৫ গোল।

এখন আর্জেন্টিনার পরবর্তী বড় লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা। তবে তখন মেসির বয়স হবে ৪১ বছর। যদিও ওই সময় পর্যন্ত ইন্টার মিয়ামির সঙ্গে তার চুক্তি থাকবে, বয়সের কারণে কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে।

তবে তাপিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত মেসিরই। তিনি বলেন, '২০২২ বিশ্বকাপের পরও কেউ নিশ্চিত ছিল না সে ২০২৬ বিশ্বকাপে খেলবে কি না। তখনও সে বলেছিল, 'আমি ম্যাচ ধরে ধরে এগোব।' এবারও হয়তো আমরা তার সেরাটাই দেখেছি। তাই তাকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। সে ফুটবল উপভোগ করুক, আমরাও তার খেলা উপভোগ করি।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন