

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘদিন ধরেই ক্রিস্তিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের সম্পর্ক আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায়। পাঁচ সন্তানের পরিবার গড়ে তুললেও আনুষ্ঠানিক বিয়ে কবে হবে; এ প্রশ্নের উত্তর এতদিন অজানাই ছিল। তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সেই অপেক্ষার অবসান ঘটতে পারে খুব শিগগিরই।
খবরে বলা হচ্ছে, সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা পর্তুগিজ তারকা ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ আগামী সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে পর্তুগালের মাদেরা দ্বীপের রাজধানী ফুঞ্চাল। এই শহরেই রোনালদোর জন্ম ও শৈশবের শহর।
প্রতিবেদনগুলো অনুযায়ী, ধর্মীয় আনুষ্ঠানিকতা ফুঞ্চাল ক্যাথেড্রালে অনুষ্ঠিত হতে পারে। এরপর অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন রাখা হতে পারে শহরের একটি বিলাসবহুল পাঁচতারকা হোটেলে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ওই সময় হোটেলের নির্দিষ্ট কিছু অংশ বিশেষ অনুষ্ঠানের জন্য সংরক্ষিত রাখা হতে পারে।
এর আগে ঐতিহাসিক কুইনতা দা রেগালেইরা এস্টেটে বিয়ের আয়োজন হবে বলে আলোচনা ছিল। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সেই স্থানে নিয়মিত দর্শনার্থীদের প্রবেশ অব্যাহত থাকায় গুঞ্জনটি আর জোরালো হয়নি।
বিশ্ব ফুটবলের অন্যতম ধনী খেলোয়াড়দের একজন রোনালদো চাইলে বিশ্বের যেকোনো বিলাসবহুল গন্তব্যে জীবনের এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে পারতেন। কিন্তু বিয়ের জন্য জন্মভূমিকে বেছে নেওয়ার সম্ভাবনার খবর অনেকের কাছেই আবেগঘন বলে মনে হচ্ছে।
ফুঞ্চালেই কেটেছে রোনালদোর শৈশব। সীমিত সামর্থ্যের একটি পরিবার থেকে উঠে এসে অল্প বয়সেই স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দিতে বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। সেই ছোট্ট শহর থেকেই শুরু হয়েছিল বিশ্ব ফুটবলের অন্যতম সফল ক্যারিয়ারের গল্প।
তবে রোনালদো বা জর্জিনা—কেউই এখন পর্যন্ত বিয়ের তারিখ বা আয়োজন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্যগুলোকে এখনই নিশ্চিত হিসেবে নয়, বরং জোরালো গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।