সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির পদ ছেড়েছেন আগেই। তবে দক্ষিণ এশিয়ার ফুটবলের নেতৃত্বে এখনই পরিবর্তন আসছে না। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর সভাপতি হিসেবে টানা পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন।

শনিবার (০১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন কাজী সালাউদ্দিন। ফলে ভোটের প্রয়োজন হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে তাকে নতুন মেয়াদের সভাপতি ঘোষণা করা হয়।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারায় বলা হয়েছে, কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা শূন্য পদের সমান বা কম হলে ভোটাভুটি ছাড়াই সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা যায়। সেই বিধানেই আরও এক মেয়াদের জন্য সংস্থাটির নেতৃত্বে থাকছেন ৭১ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক।

এর আগে ২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাউদ্দিন। এবার তার প্রার্থিতা নিয়ে কিছুটা আলোচনা ছিল, কারণ আগের গঠনতন্ত্রে ৭০ বছর বয়সসীমার বিধান ছিল। তবে গত বছর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সেই বিধান বাতিল করা হয়। এরপরই নতুন মেয়াদে নির্বাচনের পথ উন্মুক্ত হয় তার জন্য।

নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বেও এসেছে পরিবর্তন। বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ প্রথমবারের মতো সাফের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহসভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে এবং নির্বাহী সদস্য হিসেবে মালদ্বীপের হুসাইন শাফিউও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন