শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন তারকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম
নিকোলাস ওতামেন্দি
expand
নিকোলাস ওতামেন্দি

আবেগঘন এক বার্তায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের স্মরণীয় মুহূর্তগুলোর একটি ভিডিও প্রকাশ করে তিনি দীর্ঘ বার্তায় জাতীয় দলের প্রতি ভালোবাসা, সতীর্থ, সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্বকাপ শেষে রিভার প্লেটে যোগ দিয়েছেন ওতামেন্দি। ইতোমধ্যে নতুন দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন তিনি। শনিবার বারাকাস সেন্ট্রালের বিপক্ষে ম্যাচে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তবে নতুন অধ্যায় শুরুর আগে জাতীয় দলের অধ্যায়টি আনুষ্ঠানিকভাবে শেষ করলেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার।

বিদায়ী বার্তার শুরুতেই ওতামেন্দি লিখেছেন, ‘আজ আমাকে আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। খুব ছোটবেলা থেকেই আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখতাম। ফুটবল আমাকে সবচেয়ে বড় সম্মান দিয়েছে, সেটি হলো এই জার্সি পরার সুযোগ। আমি সবসময় প্রাণ উজাড় করে, গর্ব নিয়ে এবং কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের কাছে এই জার্সির গুরুত্ব উপলব্ধি করেই খেলেছি।’

২০২৬ বিশ্বকাপের ফাইনালকে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘ভাগ্য এমনভাবে লিখেছিল যে, জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচটি হবে বিশ্বকাপের ফাইনাল। আমরা যে ফল চেয়েছিলাম, তা পাইনি। কিন্তু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ আমি জানি, এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে।’

জাতীয় দলের হয়ে নিজের দায়িত্ব পালনে কোনো ঘাটতি রাখেননি বলেও জানিয়েছেন ওতামেন্দি। তিনি লিখেছেন, ‘সবকিছু উজাড় করে দিয়েছি বলেই শান্তি নিয়ে বিদায় নিচ্ছি। আমি কখনো এক ফোঁটা পরিশ্রমও বাঁচিয়ে রাখিনি। কখনো বিশ্বাস হারাইনি। আর কখনো এই জার্সিকে আমার জীবনের সবচেয়ে বড় সম্মান হিসেবে দেখা বন্ধ করিনি।’

ভবিষ্যতে যারা আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামবেন, তাঁদের জন্যও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। তিনি লিখেছেন, ‘আমি হৃদয় থেকে একটি কথাই বলতে চাই-কখনো বিশ্বাস হারাবে না। এমন ধাক্কা আসবে, যেটা সামলানো অসম্ভব মনে হবে।

কিন্তু এই জার্সি সবসময় তাদেরই প্রতিদান দেয়, যারা বিনয়, ত্যাগ আর ভালোবাসা দিয়ে এটিকে রক্ষা করে। মাথা উঁচু করে এগিয়ে যাবে, লড়াই চালিয়ে যাবে। একটি হার যেন কখনো তোমাদের স্বপ্ন কেড়ে নিতে না পারে। আমি বিশ্বাস করি, আমাদের ইতিহাসের পরের অধ্যায় তোমাদের হাতেই লেখা হবে।’

সমর্থকদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওতামেন্দি। তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ। নিঃশর্ত ভালোবাসার জন্য ধন্যবাদ। প্রতিটি পতাকা, প্রতিটি গান এবং ভালো-মন্দ সব সময় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। তোমরাই আমাদের অনুভব করিয়েছ, জাতীয় সংগীত বাজানোর সময় আমরা শুধু ১১ জন খেলোয়াড় নই, বরং কোটি মানুষের স্বপ্নের প্রতিনিধিত্ব করছি।’

পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘প্রতিটি কঠিন সময়ে আশ্রয় হয়ে থাকার জন্য এবং প্রতিটি চ্যালেঞ্জে আমাকে শক্তি দেওয়ার জন্য আমার পরিবারকে ধন্যবাদ।’

দীর্ঘ বিদায়ী বার্তার শেষ অংশে ওতামেন্দি লিখেছেন, ‘অপরিসীম গর্ব নিয়ে আমি আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানাচ্ছি। শিরোপা ইতিহাসের অংশ হয়ে থাকে, কিন্তু এই রঙের প্রতি ভালোবাসা সারাজীবন থাকে।

ধন্যবাদ আর্জেন্টিনা। আমাকে বিশ্বকাপজয়ী হওয়ার এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর জার্সিটি পরার স্বপ্ন পূরণ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বিদায়, প্রিয় জাতীয় দল।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন