মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রদ্রির ওপর কেন ক্ষুব্ধ হয়েছিলেন ওতামেন্দি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম
ম্যাচ শেষে তর্কে জড়ান ওতামেন্ডি এবং রদ্রি ।। ছবি: সংগৃহীত
expand
ম্যাচ শেষে তর্কে জড়ান ওতামেন্ডি এবং রদ্রি ।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত এ ম্যাচে স্প্যানিশদের কাছে মাঠের খেলায় পাত্তায় পায়নি আলবেসেলেস্তেরা। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে ম্যাচের পরের কিছু ঘটনা। বিশেষ করে ম্যাচ শেষে সৌজন্য বিনিময় করতে স্পেনের অধিনায়ক রদ্রি যখন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির কাছে যান, তখন পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে উত্তপ্ত হয়ে ওঠে।

স্পোর্টস চ্যানেল টিওয়াইসি স্পোর্টস প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রদ্রি এগিয়ে গিয়ে ওতামেন্দির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু অভিনন্দনের মুহূর্তটি দ্রুতই পরিণত হয় তর্কে। ওতামেন্দি ক্ষোভ প্রকাশ করে রদ্রিকে বলেন, স্পেনের খেলোয়াড়েরা ফাইনালের আগে রেফারিং নিয়ে অতিরিক্ত অভিযোগ করেছেন।

ভিডিওতে শোনা যায়, ওতামেন্দি বলেন, ‘তুমি পুরো সপ্তাহ অভিযোগ করেছ। তুমি আর লাপোর্তে—দুজনই। রেফারিদের নিয়ে তোমরা অনেক কথা বলেছ।’ জবাবে রদ্রি বিস্ময় প্রকাশ করে জানতে চান, ‘কোন বিষয়ে? আমি কী বলেছি?’

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পেনের মিকেল ওইয়ারসাবাল দুজনকে শান্ত করার চেষ্টা করেন। তবে কিছুক্ষণ পর আবারও তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

রদ্রি যখন পারস্পরিক সম্মান বজায় রাখার কথা বলেন, তখন ওতামেন্দি পাল্টা জবাব দেন, ‘আমার সম্মান আছে। কিন্তু তোমাদের এভাবে কথা বলা উচিত হয়নি।’ রদ্রি তখনও নিজের অবস্থান পরিষ্কার করতে চেয়ে জানতে চান, তিনি ব্যক্তিগতভাবে কী এমন বলেছেন।

এই উত্তেজনার পেছনে ছিল ফাইনালের আগের দিনগুলোতে চলা রেফারিং নিয়ে বিতর্ক। স্পেনের ডিফেন্ডার এমেরিক লাপোর্তে ফাইনালের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

লাপোর্তের দাবি ছিল, সাম্প্রতিক কিছু ম্যাচে এমন কিছু সিদ্ধান্ত দেখা গেছে, যা তাদের বিস্মিত করেছে। বিশেষ করে আর্জেন্টিনার খেলার ধরন ও প্রতিপক্ষের ওপর চাপ তৈরির বিষয়টি উল্লেখ করে তিনি বলেছিলেন, বড় প্রতিযোগিতায় এ ধরনের পরিস্থিতি গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।

ফাইনালের পর ওতামেন্দির প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, স্পেনের ওই মন্তব্য আর্জেন্টিনা শিবিরে অসন্তোষ তৈরি করেছিল। তাই ম্যাচ শেষে রদ্রিকে সামনে পেয়ে সেই ক্ষোভ প্রকাশ করেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

যদিও রদ্রি বারবার বোঝার চেষ্টা করেন, তিনি নিজে কোনো নির্দিষ্ট মন্তব্য করেছেন কি না। শেষ পর্যন্ত বিশ্বকাপ ফাইনালের মাঠের লড়াই শেষ হলেও দুই দলের মধ্যে জমে থাকা উত্তেজনার রেশ রয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬