মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় ফিরছেন না মেসি, যাবেন কোথায়?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনা দলের সঙ্গে দেশে ফিরছেন না লিওনেল মেসি। বিশ্বকাপের পর্ব শেষ করে সরাসরি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। সেখানে ইন্টার মায়ামির সতীর্থ ও অধিনায়ক রদ্রিগো ডি পলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন তারকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের অনেক খেলোয়াড় নিজ নিজ ক্লাবে ফিরবেন অথবা ছুটি কাটাবেন। তবে মেসির সামনে অপেক্ষা করছে ক্লাব ফুটবলের ব্যস্ত সময়সূচি। তাই জাতীয় দলের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর বদলে দ্রুত যুক্তরাষ্ট্রে ফেরার সম্ভাবনাই বেশি।

রোববার (১৯ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেনের কাছে ১–০ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। এর ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের।

তবে সেই হতাশা কাটিয়ে ওঠার জন্য মেসি খুব বেশি সময় পাচ্ছেন না। কারণ, ইন্টার মায়ামির হয়ে সামনে রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। মেজর লিগ সকারে (এমএলএস) বুধবার (২২ জুলাই) নিজেদের মাঠে শিকাগো ফায়ারের মুখোমুখি হবে দলটি।

গ্রীষ্মকালেও এমএলএসের খেলা চলায় দীর্ঘ সময় মেসিকে বাইরে রাখতে চাইছে না ইন্টার মায়ামি। বিশেষ করে প্লে-অফের লড়াই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোয় দলের অধিনায়ককে দ্রুত ফিরে পেতে আগ্রহী ক্লাব কর্তৃপক্ষ। তবে বিশ্বকাপের পর শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে শিকাগোর বিপক্ষে ম্যাচে মেসির মাঠে নামার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।

৩৯ বছর বয়সী মেসি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম প্রধান ভরসা ছিলেন। তাঁর নেতৃত্বেই দল টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠে। যদিও শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার সুযোগ হাতছাড়া হয় স্কালোনির দলের।

এখন মেসির সামনে মূল লক্ষ্য ইন্টার মায়ামির হয়ে মৌসুমের বাকি অংশে মনোযোগ দেওয়া। পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তাঁর ভবিষ্যৎ নিয়েও আগামী দিনগুলোতে আলোচনা চলবে। বিশ্বকাপের পর মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার কোন পথে যাবে, সেটিই এখন ফুটবলবিশ্বের অন্যতম আলোচিত বিষয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬