বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পে-স্কেলের গেজেট নিয়ে বড় সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত
expand

বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন তুমুল আগ্রহ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সম্ভাব্য তারিখ থাকায় দিনভর গেজেটের অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবী। সংশ্লিষ্ট সূত্র বলছে, যেকোনো সময় গেজেট প্রকাশ হতে পারে।

নতুন পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে এর আগে একাধিক সম্ভাব্য তারিখের কথা সামনে এলেও শেষ পর্যন্ত তা হয়নি। এবার ১০ সেপ্টেম্বরকে ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে আজ ঠিক কখন গেজেট প্রকাশ হবে, কিংবা শেষ পর্যন্ত আজই তা জারি হবে কি না—এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে, সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ গেজেট প্রকাশের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে স্কেলের খসড়া তৈরির পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খসড়াটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের বিভিন্ন ধাপ পেরিয়ে ভেটিংও সম্পন্ন করেছে। এখন প্রজ্ঞাপন জারির আগে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা চলছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, গেজেট প্রকাশের প্রস্তুতি এগিয়ে থাকায় আজ প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। এ কারণে সরকারি চাকরিজীবীদের নজর এখন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) কার্যক্রমের দিকে।

গেজেটে কী থাকবে নতুন পে স্কেলে মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে বিভিন্ন গ্রেডের মূল বেতন, ধাপে ধাপে বেতন বৃদ্ধির পদ্ধতি, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকবে। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের জন্য বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধায় পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। গেজেট প্রকাশের পর এসব বিষয়ে চূড়ান্ত ও বিস্তারিত তথ্য জানা যাবে।

যেভাবে বাড়বে বেতন নতুন বেতন কাঠামোয় তুলনামূলকভাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়ছে। ২০তম গ্রেডের বর্তমান ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

তবে নতুন বেসিকের পুরোটা একসঙ্গে কার্যকর হচ্ছে না। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই তিন ধাপে বর্ধিত মূল বেতন কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।

১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত অংশের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে। আর প্রথম থেকে নবম গ্রেডে বর্ধিত অংশের ৪০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩০ শতাংশ হারে তিন ধাপে নতুন বেসিক কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে মূল বেতন বেড়ে হবে ২০ হাজার টাকা। তিন ধাপে এ গ্রেডের বেসিক দাঁড়াবে যথাক্রমে ১৪ হাজার ১২৫ টাকা, ১৭ হাজার ৬২ টাকা ৫০ পয়সা এবং ২০ হাজার টাকা।

প্রথম গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে মূল বেতন বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। তিন ধাপে এ গ্রেডের বেসিক দাঁড়াবে যথাক্রমে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা, ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা এবং ১ লাখ ৫৬ হাজার টাকা।

নবম গ্রেডেও মূল বেতন দ্বিগুণ হয়ে ২২ হাজার টাকা থেকে ৪৪ হাজার টাকা হবে। তিন ধাপে এ গ্রেডের বেসিক দাঁড়াবে যথাক্রমে ৩০ হাজার ৮০০ টাকা, ৩৭ হাজার ৪০০ টাকা ও ৪৪ হাজার টাকা।

ভাতা কার্যকর হবে ২০২৮ সালে নতুন পে-স্কেলে বর্ধিত মূল বেতন কার্যকর হলেও সব ধরনের ভাতা একই সময়ে নতুন হারে দেওয়া হবে না। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা নতুন কাঠামোয় ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank