

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলকে নতুনভাবে গড়ে তুলতে বড় পদক্ষেপ নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। দেশটির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত মালদিনি ইতালির জার্সিতে ১২৬টি ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবনের পুরোটা সময় এসি মিলানে কাটিয়ে সাতটি সেরি আ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অবসরের পর চার বছর ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মিলানো-কর্তিনা শীতকালীন অলিম্পিকের আয়োজক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জিওভান্নি মালাগো গত মাসে এফআইজিসির সভাপতি নির্বাচিত হন। দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলের পুনর্গঠনের অংশ হিসেবে মালদিনিকে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেন তিনি।
শনিবার এক বিবৃতিতে এফআইজিসি জানায়, ব্রাজিলের সাবেক ফুটবলার ও মালদিনির দীর্ঘদিনের সতীর্থ লিওনার্দো তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৫৮ বছর বয়সী মালদিনি ২০২৮ সাল পর্যন্ত চুক্তিতে দায়িত্ব পালন করবেন।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যায় ইতালির। এরপর গত এপ্রিলে প্রধান কোচ জেন্নারো গাত্তুসো দায়িত্ব ছাড়েন। একই সঙ্গে পদত্যাগ করেন তৎকালীন এফআইজিসি সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা এবং জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান জানলুইজি বুফ্ফন।
টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে মালদিনির প্রথম বড় দায়িত্ব হবে জাতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগ দেওয়া। ইতোমধ্যে ইতালির ডাগআউটে সাবেক কোচ রবের্তো মানচিনির ফেরার গুঞ্জন জোরালো হয়েছে। সম্প্রতি কাতারের ক্লাব আল সাদের দায়িত্ব ছাড়েন মানচিনি। তার কোচিংয়েই সর্বশেষ ২০২০ ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি।
